সদ্য প্রকাশিত
মতামত

উত্তর-পূর্ব সীমান্ত : প্রয়োজন বহুমুখী উদ্যোগ

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২২৬ মিনিট পড়া
উত্তর-পূর্ব সীমান্ত : প্রয়োজন বহুমুখী উদ্যোগ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

১৯৯২ সালে হুগলির দেবানন্দপুরে দেখা করতে গিয়েছিলাম রংপুর জেলার কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কমরেড সুধীর মুখার্জির সঙ্গে। সেখানে তাঁর মেজো মেয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত ড. সুলেখা মুখার্জির সঙ্গে দেখা। প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, তোমরা কেমন আছ? তিনি উত্তরে বলেছিলেন, ‘দেশত্যাগের আগে ধর্মীয় সংখ্যালঘু ছিলাম, এখানে অর্থনৈতিক সংখ্যালঘু। সংখ্যালঘুদের কোনো দেশ নেই।’

কথাগুলো খুব কঠিন, খুবই মর্মস্পর্শী। তিনি যখন দেশ ত্যাগ করে এসেছিলেন তখন তাঁর বাবা পাকিস্তানের জেলে আটক। পাকিস্তানের জন্মের আগে ব্রিটিশ বিরোধিতার কারণে জেলখানায় ঢুকেছিলেন, পাকিস্তান কায়েমেও তাঁর মুক্তি মেলেনি। তাঁর মা রানী মুখার্জিও ছিলেন তেভাগার নেত্রী। তাঁর মা সন্তানসহ জীবন নিয়ে একবস্ত্রে দেশান্তরি হয়েছিলেন।

আমাদের পূর্বপুরুষরা একটি অখণ্ড রাষ্ট্র চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা আমাদের দুটি রাষ্ট্র উপহার দেয়। আধুনিক যুগের পণ্য বিক্রয়ের মতো ‘একটি কিনলে আরেকটি ফ্রি’। এক দিনের আগে-পরে জোড়া রাষ্ট্রের জন্মের পর থেকেই এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে লেগে থাকাকেই রাজনীতির প্রধান ঘুঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সেই থেকে রাজনীতির নানা টানাপড়েনে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক কখনো উষ্ণ, কখনো উত্তাল। ১৯৪৭ সালের বিভক্তির পর থেকেই যখনই সরকার বদলের সময় আসে ভোট চাপে তখনই সীমান্ত ও সংখ্যালঘুরা বিপদগ্রস্ত হয়ে পড়ে। সংখ্যালঘু বলতে শুধু এ দেশে হিন্দুরা নয়, ওপারে মুসলিমরা বিপদে পড়ে। ভোট এগোলেই ধর্মের বাহাস এবং ধর্মের অপব্যবহার করার পরিমাণ বেড়ে যায়। টানা ৭৫ বছর ধরে নির্বাচনে ধর্ম অবিরাম ব্যবহৃত হয়ে আসছে এই উপমহাদেশে। একটি দেশ কয়েক টুকরায় পরিণত হয়েছে নেতাদের ভাগ-বাটোয়ারায়। আর সেটিকে জাস্টিফাই করতে ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে।

চিরদিন একই পরিস্থিতি থাকতে পারে না। রাষ্ট্র ও ব্যক্তি বিবর্তনের মধ্য দিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলায়। আমাদের বদলাতে হবে।

পাক-ভারত যুদ্ধের ক্ষত না শুকাতেই একাত্তরের যুদ্ধ, এক কোটি শরণার্থী ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। সেই ভারতই আমাদের আশ্রয় দিয়েছে, আহার জুগিয়েছে। থাকার জায়গা দিয়েছে। এমনকি মারা গেলে সে দেশের মাটিতে কবর ও শ্মশান নিতে সহযোগিতা করেছে। গত ৩১ আগস্ট গুয়াহাটির সহকারী হাইকমিশনার ড. তানভীর মনসুরের প্রত্যক্ষ তদারকিতে শিলং শহরের একটি মুসলিম কবরস্থানে একাত্তরে ৫২ জন শহীদের স্মরণে একটি শিলালিপি স্থাপন করা হয়েছে। সেখানকার কবর ব্যবস্থাপনা কমিটি এই শিলালিপি নিজেদের আগ্রহে কবরস্থানের প্রধান ফটকের কাছেই স্থাপন করেছে। শিলালিপিতে ইংরেজিতে লেখা হয়েছে—

Here 52 martyrs of Bangladesh are laid in eternal peace who made supreme sacrifice for the independence of Bangladesh in 1971.

এই কাজটি কিছুদিন আগেও অসম্ভব ছিল। সম্প্রতি কর্নেল সাজ্জাদ জহির (অব.) বীরপ্রতীকের নেতৃত্বে একটি দল একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলংয়ের সেই কবরস্থানে যান। তাঁরা সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরির কথা বলেন। এরপর অল্প সময়ের মধ্যেই সেখানে একটি শিলালিপি স্থাপন করা একটি ইতিবাচক কাজ।

আমাদের উত্তরাঞ্চল ও আসামের মানুষের ভাষা প্রায় একই প্রকৃতির। আমাদের ভাওয়াইয়া, তাদের গোয়ালপুরী একই সুরে বাঁধা। অথচ আমরা পশ্চিমবঙ্গকে যে পরিমাণে অনুভব করেছি তার সিকি ভাগও আসাম-মেঘালয়কে নিয়ে ভাবনায় ছিল না। এ অঞ্চলে আমাদের সঙ্গে যে পরিমাণ বন্ধুত্ব হওয়ার কথা ছিল তা হয়নি, বরং ভারতের রাজনীতি এবং তাদের রাষ্ট্রীয় অখণ্ডতাকে বিনষ্ট করতে পারে এমন রাজনীতির সামরিক পাঠশালা গড়ে তোলা হয়েছিল আমাদের ভূখণ্ডে। আমাদের রাষ্ট্রক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশেষ গোষ্ঠী ১০ ট্রাক অস্ত্র খালাস করেছিল, যার গন্তব্য ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। এ নিয়ে মামলা হয়েছে, তাতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীসহ অনেকের সাজা হয়েছে। কারা কী উদ্দেশ্যে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করেছিল, সেটি এখন কারো অজানা নয়।

১৯৭৫-এর পর ধর্মনিরপেক্ষতার নির্বাসন দেওয়া হয়। বঙ্গবন্ধুর ঘাতকদের মৌলিক টার্গেটগুলোর মধ্যে এটিই প্রধান। ধর্মীয় রাজনীতির সুযোগ করে দেওয়া হলে একাত্তরের পরাজিত শক্তি নিজেদের বেপরোয়া বিকাশে মত্ত হয়ে ওঠে। তাদের মূল লক্ষ্যই হয় ধর্মীয় রাজনীতির বিকাশ এবং ভারত বিরোধিতার নামে সমাজে পাকিস্তানি ভাবধারার প্রসার ঘটানো। পর পর দুজন সামরিক জান্তার জবরদস্তিমূলক শাসন মৌলবাদী রাজনীতিকে শুধু পৃষ্ঠপোষকতাই দেয়নি, তাদের পুষ্টতাও দিয়েছে। ধর্মনিরপেক্ষতাকে তারা ধর্মহীনতা এবং ধর্মচর্চার প্রতিবন্ধক হিসেবে হাজির করেছে। এই অনুষঙ্গগুলো আসাম-মেঘালয়ের মানুষের সঙ্গে আমাদের অবিশ্বাস তৈরি করে। ভারতীয় জনগণের সামনে বাংলাদেশ রাষ্ট্রটাকেই ভারতের বৈরী হিসেবে প্রতিভাত করা হয়। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় জনগণের কাছে বাংলাদেশ একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে অভিধা পায়। যার কারণে বাংলাদেশ নিয়ে একটা নেতিবাচক মনোভাব তাদের মনে গেঁথে আছে। এ জন্য অবশ্য ভারতের অভ্যন্তরীণ ধর্মভিত্তিক রাজনীতিকেও অস্বীকার করা যাবে না। এখানে মন্দিরে বা পূজারির ওপর হামলা হলে ওপারেও এর ঢেউ যায়, একই অবস্থা ওপারে মসজিদ আক্রান্ত হলে এপারেও তার ঢেউ লাগে।

ঘটনাগুলো নিজস্ব সীমানায় হলেও এর প্রভাব রাষ্ট্রের সীমানা অতিক্রম করে। আমাদের উচিত হবে নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে নিজেদের এগিয়ে নেওয়া। তিস্তায় জলের সীমাবদ্ধতা বাদ দিলে মোটামুটি পশ্চিমবঙ্গের সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে। এরপরই গভীর সম্পর্ক হওয়ার কথা আসাম, মেঘালয়সহ প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে। কিন্তু সেটি প্রত্যাশায়ই সীমাবদ্ধ এখনো। আমাদের দুই দেশের স্বার্থে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, পর্যটন ও চিকিৎসা ঘিরে আসামের সঙ্গে নতুন করে ভাবনা-চিন্তা করা উচিত। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে সব অবকাঠামো নির্মিত হয়েছে, শুধু ইমিগ্রেশন শুরু হলে এটি বাংলাদেশ ও আসামের মধ্যে ব্যস্ততম ল্যান্ডপোর্ট হবে। বাংলাদেশ বা আসামে রৌমারী স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু হলে এটিও আসাম ও মেঘালয়ের জন্য সাশ্রয়ী রুট হবে। ব্রহ্মপুত্রে নৌ-বর্ডারহাট চালু, পাখিউড়া থেকে করিমগঞ্জ, রৌমারী-চিলমারী থেকে জিঞ্জিরাম নদী হয়ে ফুলবাড়িয়া পর্যন্ত নৌ-সার্ভিস চালু হলে পণ্যবিনিময় বাণিজ্যে দুই দেশের অনেক লাভ হবে। কুড়িগ্রামে যে ইপিজেড হচ্ছে সেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো যেতে পারে। উভয় অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভর্তির সুযোগ তৈরি করা। আন্তঃসীমান্ত বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়  করা। সীমান্তের পাশে যে দেশেরই চিকিৎসা সুবিধা থাকুক, প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের প্রবেশাধিকার দেওয়া। যোগাযোগ সীমাবদ্ধতার আসাম, মেঘালয় বা কাছাকাছি রাজ্যগুলোর নাগরিকরা বাংলাদেশেও চিকিৎসাসেবা নিতে পারে, তার ব্যবস্থা করা। আমাদের অনেক হাসপাতাল আন্তর্জাতিক মানের। ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরাও এখানে কাজ করেন। উত্তর-পর্বাঞ্চলের নাগরিকরা চিকিৎসার জন্য এলে আমরাও আর্থিকভাবে লাভবান হব। রংপুরসহ আশপাশের মেডিক্যাল কলেজগুলোতে বিপুলসংখ্যক ভারতীয় ছাত্র চিকিৎসাবিজ্ঞানে পড়ছেন। আসামের সঙ্গে সরাসরি স্থল ও বিমান যোগাযোগ চালু করা দরকার।

১৫ আগস্ট আসামের গভর্নরের বাসভবনে চা চক্রে নিয়ে গিয়েছিলেন গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. তানভীর মনসুর। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচিত হই। ড. মনসুরকে তিনি আবারও বাংলাদেশে যাওয়ার আগ্রহের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বেশ আগ্রহী বাংলাদেশ প্রশ্নে। অন্য অনেকের সঙ্গেই সেখানে কথা হলো, প্রত্যেকেই বাংলাদেশ সম্পর্কে আগ্রহী। এর বড় কারণ হচ্ছে, প্রায় দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নিয়েছেন। পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা দেখিয়েছেন। আমরা যে পরিমাণে পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছি, ঘনিষ্ঠতা দেখিয়েছি তার সিকি ভাগও যদি আসাম নিয়ে দেখানো যায়, তাহলে অনেক কিছুরই হিসাব পাল্টে যাবে। যে মানসিক দূরত্ব আছে, যতটুকু বাণিজ্যঘাটতি আছে, যোগাযোগের সীমাবদ্ধতা আছে তার সব কিছুরই সমাধান হতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সীমান্তবর্তী জেলার কারাগাগুলোতে আটক উভয় দেশের বন্দি সাধারণ নাগরিক, যারা বিনা ভিসায় ভ্রমণসহ ছোট ছোট অপরাধের শিকার হয়েছে, তাদের নিজ নিজ দেশে ফেরানোর বিষয়সহ বন্ধুত্বপূর্ণ সীমান্ত কায়েমে করণীয় স্থির করবেন। সহজ যোগাযোগ, বৈধ পথে পারাপার এবং বাণিজ্য সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রের সীমারেখা থাকবে, কিন্তু প্রাণে ধ্বনিত হোক ড. ভূপেন হাজারিকার সেই অমর সুর ‘গঙ্গা আমার মা পদ্মা আমার মা’।

লেখক : একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও রাজনীতিক

 

সূত্রঃ কালের কণ্ঠ