সিল্কসিটিনিউজ ডেস্ক :
উত্তরের পথে এবারের ঈদযাত্রা ছিল যানজট আর ভোগান্তি। ঈদ যাত্রায় ৬ দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়েছে। গত ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত ছোট-বড় যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।
বৃহস্পতিবার সেতু দিয়ে সর্বোচ্চসংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে জানান, ১ জুন ২৭ হাজার ১৭৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। ২ জুন ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা।
৩ জুন ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহনে টোল আদায় হয় ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহনে টোল আদায় ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।
তিনি আরো জানান, গত ৪ জুন সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহনে টোল আদায় হয় ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০টাকা। অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহনে টোল আদায় ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। ৫ জুন যানবাহন ও টোল আদায়ে নতুন রেকর্ড করে যমুনা সেতু কর্তৃপক্ষ। ৬৪ হাজার ২৮৩ টি যানবাহন পারাপার হয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১০লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।
এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড করে।
ঈদের আগের দিন শুক্রবার সেতু দিয়ে ৪৮ হাজার ১৮৪ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ৮৫৪ টি যানবাহনে টোল আদায় হয় ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ১৫০টাকা। ঢাকাগামী ১৪ হাজার ৩৩০ টি যানবাহন থেকে টোল আদায় ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে বুথ দিয়ে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এর মধ্যে দুই পাশেই ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়েছিল।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে।
সূত্র: কালের কণ্ঠ









