সিল্কসিটিনিউজ ডেস্ক :
আফগানিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা ফের চালু হওয়ায় উদযাপন করতে বুধবার রাতে রাজধানী কাবুলের রাস্তায় শত শত মানুষ নেমে আসে। আফগানরা ইন্টারনেট ফিরে আসার কথা ছড়িয়ে দেয়।
২৬ বছর বয়সী ডেলিভারি ড্রাইভার সোহরাব আহমাদি বলেন, ‘এটা ঈদুল আজহার মতো, এটা নামাজের জন্য যাওয়ার প্রস্তুতি নেওয়ার মতো। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে খুব খুশি।

এএফপি সাংবাদিকরা জানান, আগে নির্জন থাকা রাস্তাগুলোতে মানুষ আনন্দ ছড়িয়ে দিতে ভিড় করে, মিষ্টি ও বেলুন কেনে, আর চালকেরা গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করে।
ফোন দেখার ফাঁকে কাবুলের এক রেস্তোরাঁ ব্যবস্থাপক মোহাম্মদ তাওয়াব ফারুকি বলেন, ‘শহরটা আবার বেঁচে উঠেছে।’
কোনো ধরনের সতর্কতা ছাড়াই সোমবার রাত থেকে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট বন্ধ হয়ে গেলে দেশজুড়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
এর ফলে অধিকাংশ ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে—প্রভাব পড়ে ব্যাংক, ডাকঘর, বাজারের লেনদেনেও।
এমনকি হাসপাতালগুলোকে রোগীর নথি-তথ্য ছাড়াই কাজ চালাতে হয়।
সাম্প্রতিক এই ব্যাপক শাটডাউন আসে কয়েক সপ্তাহ পর, যখন তালেবান সরকার দেশের কিছু প্রদেশে ‘অনৈতিকতা’ ঠেকানোর অজুহাতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিল। এ নির্দেশ এসেছিল তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার কাছ থেকে।
সূত্র: কালের কণ্ঠ










