সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
আগের ম্যাচে চেলসির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এফএ কাপের ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এফএ কাপ থেকে ছিটকে পড়লেও ইউরোপা লিগে নিজেদের জানান দিয়েছে রেডডেভিলসরা।
শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি। ফলে দুই লেগ মিলিয়ে রোস্টভকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করেছে হোসে মরিনহোর প্রশিক্ষিত ম্যানইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ম্যানইউকে। বৃহস্পতিবার রাতে চেনা মাঠে হুয়ান মাতার দেওয়া একমাত্র গোলে রোস্টভকে হারায় রেড ডেভিলসরা।ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ম্যানইউ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ফলে বিরতির আগে কোনো গোল পায়নি তারা।
বিশ্রাম শেষে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মরিনহোর শিষ্যরা। দুর্দান্ত আক্রমনে এগিয়ে থাকায় ম্যাচের ৭০ মিনিটে দলকে লিড এনে দিতে সক্ষম হন হুয়ান মাতা। দলের সেরা তারকা জালাতান ইব্রাহিমোভিচের সহায়তায় গোল করে রেডডেভিলসদের এগিয়ে দেন স্প্যানিশ এই তারকা।চলতি মৌসুমে এটা মাতার দশম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
সূত্র: রাইজিংবিডি










