সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে।
এ কারণে দলীয় প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের পাশে পাচ্ছেন না। দ্বন্দ্ব-কোন্দল চরম আকার ধারণ করায় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করছেন না। কেউ কেউ প্রার্থীর সভায় হাজিরা দিয়ে দায় সারছেন।

এদিকে দলে কোন্দল আঁচ করতে পেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান অসুস্থ শরীর নিয়ে ছুটে গেছেন ফেঞ্চুগঞ্জের মাঠে।
নেমেছেন দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায়। কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারছেন না তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ। শনিবার গভীর রাত পর্যন্ত সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। আগামী ২৯ মার্চ ফেঞ্চুগঞ্জের ইউপি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এপিপি জসীম উদ্দিন আহমদ। স্থানীয় দুটি পক্ষ নিয়ে জসীম উদ্দিন চলতে চাইলেও কোনো পক্ষই তাকে বিশ্বাস করতে পারছে না।
এ নিয়ে তিনি চরম সমস্যায় পড়েছেন। বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমরান উদ্দিন। তার সঙ্গে বিএনপির সব পক্ষের নেতাকে দেখা গেলেও আড়ালে সমস্যা রয়েছে বলে জানান স্থানীয়রা।
মাইজগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের শূরা সদস্য ও ছয় মামলার আসামি ইমরান আহমদ চৌধুরী। জামায়াতের নিবন্ধন না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বহুল আলোচিত ১০১টি ককটেল উদ্ধার মামলার অন্যতম আসামি তিনি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মাইজগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
কারও কোনো আপত্তি না থাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে ওসি নাজমুল হক বলেন, নথিপত্র ঘেঁটে ওই প্রার্থীর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত দেবেন।
মাইজগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা জুবেদ আহমদ চৌধুরী শিপু আওয়ামী লীগের প্রার্থী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী বলয়ের নেতা হওয়ায় প্রতিপক্ষ বলয়ের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছে না।
এখানে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী। তার বলয়ের নেতাকর্মী ছাড়াও সঙ্গে সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার বলয়ের নেতারাও রয়েছেন।
ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন প্রবীণ নেতা লেইছ চৌধুরী। স্থানীয় আওয়ামী লীগের দুই বলয়কে তিনি পক্ষে আনার চেষ্টা করছেন। কিন্তু কোনো বলয়ই তার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে না। তবে সিলেটের সাবেক মেয়র কামরান মাঠে নামার পর লেইছ চৌধুরীর সমর্থন বাড়ছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
এই ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আপ্তাব আলী। দলের সবার কাছে তিনি সজ্জন ব্যক্তি। তার সঙ্গে বিএনপির দুই বলয়ের নেতারাও রয়েছেন।
শওকত বলয়ের নেতা এবং যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ ফেঞ্চুগঞ্জের ১নং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কিন্তু আওয়ামী লীগে বিরাজ করছে চরম কোন্দল।
উপজেলা সদরের এই ইউনিয়নে আওয়ামী লীগ বিভিন্ন উপগ্রুপে বিভক্ত। ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের অবস্থা আরও করুণ। ইউনিয়নের ছত্তিশ, পিটাইটিকর ও বাঘমারাসহ তিনটি গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের নেতাদের ওপর চরম ক্ষুব্ধ।
এ নিয়ে নানা গুঞ্জন চলছে। মাশার নির্বাচন পরিচালনা কমিটির নেতারা বলছেন, সংগঠনের চেয়ে আঞ্চলিকতাকে বড় করে দেখছেন ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক পিটাইটিকর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ করি ঠিক কিন্তু আমাদের এলাকা থেকে একজন স্বতন্ত্র প্রার্থী দেয়া হয়েছে।
এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী জহিরুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের নেতারা।
উত্তর কুশিয়ারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন শওকত বলয়ের নেতা ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা লুদু মিয়া। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা আপ্তাব আলী।
বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে আওয়ামী লীগের প্রার্থী বেকায়দায় পড়েছেন। এখানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জিলু বিএনপির প্রার্র্থী হয়েছেন।
শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে গণসংযোগে করেন।
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আ’লীগ প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদের পক্ষে মানিকগঞ্জ বাজারে, ১নং ফেঞ্চুগঞ্জ ইউপির আ’লীগ প্রার্থী মাশার আহমদ শাহের পক্ষে ফেঞ্চুগঞ্জ বাজার ও রেল কলোনিতে, ৪নং উত্তর কুশিয়ারার আ’লীগ প্রার্থী লুদু মিয়ার সমর্থনে চানপুর ও দনারাম বাজারে কামরান বক্তব্য রাখেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় তার সঙ্গে উপজেলা আ’লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ছিলেন।
ফেঞ্চুগঞ্জে শনিবার গভীর রাত পর্যন্ত সভা সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক ছাত্রনেতা তৈমুর হোসেন বিপুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল ও জেলা ছাত্রদল সভাপতি সাইদ আহমদ প্রমুখ।
নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান জুলুমবাজ সরকারের নির্যাতন মামলা হামলার জবাব ব্যালটের মাধ্যমে জনগণ দেবে। তিনি বলেন, দেশের মানুষ আজ বিপন্ন, এ সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। বিএনপি প্রার্থীদের ভোট দিয়ে আওয়ামী লীগকে লালকার্ড দেখানোর আহ্বান জানান তিনি।
যুগান্তর










