সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজে নির্বাচন: দুলাল মাহবুব কোষাধ্যক্ষ নির্বাচিত

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
আরইউজে নির্বাচন: দুলাল মাহবুব কোষাধ্যক্ষ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ ডিসেম্বর (সোমবার) রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আরইউজে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে মোট ১৬ জন প্রার্থী রয়েছেন। তবে কোষাধ্যক্ষ পদে মোট তিনজন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে দুই জনের প্রার্থিতা বাতিল হওয়ায় এ পদের অপর প্রার্থী সরকার দুলাল মাহবুবকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এবার সভাপতি একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন বর্তমান সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজশাহীর স্টাফ রিপোর্টার কাজী শাহেদ ও জিটিভি রাজশাহীর স্টাফ রিপোর্টার রাশেদ ইবনে ওবায়েদ।

সহ সভাপতি একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিনের ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান ও বাংলানিউজ ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার শরীফ সুমন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক ইত্তেফাক রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদ’র প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম, দৈনিক সমকাল রাজশাহীর ব্যুরো প্রধান সৌরব হাবিব ও সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুইজন প্রার্থী। এরা হলেন সময় টেলিভিশন রাজশাহীর স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকি ও দৈনিক সোনার দেশ’র অনলাইন এক্সিকিউটিভ শামস উর রহমান রুমি।

এ নির্বাচনে নির্বাহী সদস্য দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক সমাচার রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক সামাদ খান, দৈনিক সোনালী সংবাদ’র সম্পাদনা সহকারি মিজানুর রহমান টুকু ও আলোকিত বাংলাদেশ রাজশাহী’র স্টাফ রিপোর্টার জনাব আলী।

আরইউজের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার রাজশাহী নগরীর বরেন্দ্র মহাবিদ্যালয়ে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম।
স/শ