সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনিভর’ এ স্লোগান এবং ‘কর প্রদানে স্বতঃস্ফূত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৯-এর দ্বিতীয় দিন (শুক্রবার) ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা আয়কর আদায় হয়েছে। মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
এনবিআর তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬টি উপজেলাসহ ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার দ্বিতীয় দিন করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখর ছিল। বিশেষ করে নারী ও তরুণ করদাতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

![]()
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে মেলা। তবে জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ থাকে। ফলে দ্বিতীয় দিন মেলা চলে ৭ ঘণ্টা।
এ সময়ের মধ্যে আয়কর সংগ্রহ হয়েছে ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা। এ দিন মেলা প্রাঙ্গণ থেকে সেবা নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬৮৪ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৭৩ হাজার ৭৪৩ জন। আর ৩ হাজার ৬০২ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন।

এর আগে প্রথম দিন বৃহস্পতিবার মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। প্রথম দিন আয়কর সংগ্রহ হয় ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা। এ দিন মেলা প্রাঙ্গণ থেকে সেবা নেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেন ৬৩ হাজার ২৭২ জন। আর ৪ হাজার ৩৬৬ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেন।
এর মাধ্যমে মেলার দুই দিনে আয়কর সংগ্রহ হল ৮০২ কোটি ২০ লাখ ২২ হাজার ৬৮২ টাকা। মেলা প্রাঙ্গণ থেকে সেবা নিয়েছেন ৪ লাখ ৪ হাজার ৪৪২ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৩৭ হাজার ১১৫ জন। আর ৭ হাজার ৯৬৮ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন।

এনবিআর বলছে, এবার মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।









