
৩ থেকে ৭ নভেম্বর, বিশ্বের সব মানুষের দৃষ্টি ছিল আমেরিকার দিকে। কে জিতবেন নির্বাচনে? আরো চার বছর হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের দখলে থাকবে, নাকি জো বাইডেন বুঝে নেবেন এর দখল—সবার মনে ছিল একটাই প্রশ্ন। এরই মধ্যে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মধ্য আমেরিকা, মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। এত বড় একটি প্রাকৃতিক বিপর্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশেই। এসব কারো চোখে পড়েনি। ট্রাম্প, না জো বাইডেন—কে বসছেন আমেরিকার মসনদে, এটাই হয়ে দাঁড়িয়েছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। কেন? কারণ একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিধর এই দেশটির ক্ষমতায় কে আসছেন, তার সঙ্গে শুধু আমেরিকানদের ভাগ্যই নয়, সারা দুনিয়ার অনেক বিষয়-আশয় ওতপ্রোতভাবে জড়িত।
যতই সময় গড়িয়েছে, ভোটগণনা এগিয়েছে, জো বাইডেনের জয়ের পাল্লা ভারী হয়েছে, ততই খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলছেন, দাবি তুলছেন পোস্টাল ব্যালট গণনা বন্ধের, এমনকি কয়টি রাজ্যে মামলাও ঠুকে দিয়েছেন। উভয় পক্ষের সমর্থকরা রাস্তায় নেমেছে। কোথাও কোথাও সহিংসতায়ও জড়িয়েছে।

আমেরিকার জন্য এ ছিল এক কঠিন পরীক্ষা। পৃথিবীর যেসব দেশে গণতন্ত্রের ভিত দুর্বল, সেখানে নির্বাচন শেষে এমন পাল্টাপাল্টি দাবি হলে কেউ অবাক হতো না। কিন্তু এতো আমেরিকা! জর্জ ওয়াশিংটন-আব্রাহাম লিংকনদের আমেরিকা! জ্ঞান-গরিমা, বিজ্ঞান-প্রযুক্তি, সভ্যতা-ভব্যতায় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার আমেরিকা! এটা কি সেই আমেরিকাই নয়, যে কি না প্রতিনিয়ত সারা দুনিয়াকে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দিতে অভ্যস্ত? সেই আমেরিকায় ট্রাম্পের মতো একজন বর্ণবাদী জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, আর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হতে পারছেন না দেখে আবোলতাবোল বকবেন, কারচুপির অভিযোগ তুলবেন, এটাই কি প্রত্যাশিত ছিল? তাহলে এটা কি প্রমাণ করে, আমেরিকান সমাজে সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে বর্ণবাদের এক দগদগে ঘা?
তবে অনেক বিশ্লেষকই এতে খুব বেশি অবাক হচ্ছেন না। আমেরিকানদের একটি বড় অংশের মধ্যে লুকিয়ে থাকা বর্ণবাদ আর জাত্যভিমানকে উসকে দিয়েই তো ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন। আব্রাহাম লিংকন যাদের পরাভূত করে আমেরিকাকে দাসপ্রথার অভিশাপ থেকে মুক্ত করেছিলেন, সেই বৈষম্যবাদীরা এখনো যে আমেরিকায় যথেষ্ট সক্রিয়, ট্রাম্পের মতো লোকের ক্ষমতায় অধিষ্ঠান কি তারই প্রমাণ বহন করে না? এতো গেল ঘটনার একটি দিক। আরেকটি দিকে আমরা প্রায়ই নজর দিতে ভুলে যাই। সন্দেহ নেই, আমেরিকায় অনেক সত্যপ্রিয়, সংবেদনশীল, সুন্দর মননের মানুষ আছেন। কিন্তু জাতিগতভাবে তাঁরা কি দুনিয়ার তাবৎ মনুষ্যকুলকে তাঁদের সঙ্গে একই কাতারে বিচার করেন? আপনি দেখে থাকবেন, দুনিয়ার যেকোনো প্রান্তে কোনো আমেরিকানের গায়ে একটা ফুলের টোকাও যদি লাগে, পুরো আমেরিকা ফুঁসে ওঠে। কিন্তু জাপান, ইরাক কিংবা আফগানিস্তানে আমেরিকান বোমায় যখন লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে, আমেরিকানদের হৃদয় এতটুকু কম্পিত হয় না।
মানুষের শিক্ষাদীক্ষা ও জ্ঞান-গরিমায় উন্নতির ফলে রাষ্ট্রব্যবস্থায় রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রের আবির্ভাব এ বিশ্বের জন্য বিরাট আশীর্বাদস্বরূপ। এটি একদিকে যেমন ক্ষমতার শান্তিপূর্ণ হাতবদল নিশ্চিত করেছে, অন্যদিকে সাধারণ মানুষকে এনে দিয়েছে ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের জবাবদিহি করার এক অপূর্ব সুযোগ। আমেরিকা, ব্রিটেনসহ বিশ্বের যেসব দেশে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে গেছে, সেখানে হঠাৎ স্বৈরতন্ত্র তার জায়গা দখল করে বসবে তেমনটি হয়তো পাগলেও ভাববে না। বরং বাস্তবতা হচ্ছে, বিশ্বময় তাদের মোড়লিপনার সুবাদে তাদের প্রভাববলয়ে আছে এ রকম দেশগুলোতেও কমবেশি গণতন্ত্রের চর্চা হচ্ছে। এমনকি যেসব দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র চলছে—এমন অনেক দেশও বছর পাঁচেক পর পর লোক-দেখানো ভোটের নাটক মঞ্চায়নে বাধ্য হচ্ছে।
তবে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, যেসব দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে, সেসব দেশে যে গণতন্ত্রের ভিত শক্ত হচ্ছে না, তার জন্য এসব মোড়লই বহুলাংশে দায়ী। তাঁরা নিজ দেশে গণতন্ত্র চর্চা করলেও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে তাঁদের সামরিক ও বাণিজ্যিক স্বার্থই কি মুখ্য ভূমিকা রাখে না? কাজেই তাঁরা এসব দেশে গণতন্ত্রের চর্চা শুধু ততক্ষণ স্বাগত জানাতে প্রস্তুত, যতক্ষণ তাঁরা দেখতে পান, নির্বাচনে তাঁদের পছন্দের লোক জিতে আসছেন। অবাধ গণতন্ত্রের চর্চা এসব দেশে জাতীয়তাবাদী নেতাদের ক্ষমতায় আনতে পারে, যারা হয়তো তাঁদের শিখণ্ডী হিসেবে কাজ করতে রাজি হবেন না। এখানেই তাঁদের যত আপত্তি। বিশ্বের দেশে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে তাঁদের এই ডাবল স্ট্যান্ডার্ডই একটি বড় বাধা নয় কি?
লেখক : অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জাবি
সূত্রঃ কালের কণ্ঠ










