লাইফ স্টাইল

আমাদের জীবনে তিন হুমায়ুন

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিনজন হুমায়ুন আছেন আমার জীবনে। আমাদের জীবনে। বাঙালীর জীবনে।

আমরা একজনের অভিনয় দেখে বড় হয়েছি, একজনের বই পড়ে, আরেকজন মুক্তভাবে চিন্তা-ভাবনা করতে শিখিয়েছেন।

তিনজনের মধ্যে একজন হুমায়ুন ফরিদী। বাংলাদেশের যে কয়জন অভিনেতাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ফরীদি তাদের একজন।

শৈশবে বিটিভিতে তার অভিনয় দেখতাম মুগ্ধ হয়ে। তার দহন ছবিটা দেখে বিস্মিত হয়েছিলাম। একজন মানুষ কি করে এতো ভালো অভিনয় করেন।

হুমায়ুন ফরিদীর মেয়ে শারারাত আপা ব্র্যাকে আমার সহকর্মী ছিলেন কিছুদিন। বাবার মতোই হাসিখুশি মানুষ। গত বছর শুনলাম গুণী এই অভিনেতা একুশে পুরস্কার পাচ্ছেন খ‌ুব ভালো লেগেছিল।

আফসোস শুধু বেঁচে থাকতে তাকে আমরা এ সম্মান দিতে পারিনি। অথচ বাংলা নাটক বা সিনেমার কথা বললে এই নামটি কখনো ভোলা যাবে না। সাত বছর আগে ২০১২ সালের ফেব্রুয়ারির আজকের এই দিনে হুমায়ুন ফরিদী মারা যান।

তার মৃত্যু আমায় ভীষণ কষ্ট দিয়েছিল। কেবল কী হুমায়ুন ফরিদী? বাঙালীর জীবনে আরও দুজন হুমায়ুন ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। হুমায়ুন ফরিদী যে বছর মারা যান ওই বছরের ১৯ জুলাই ধরণী ছাড়েন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ।

বইমেলার এই মাসটা তাকে খুব মিস করি। আরেক মেধাবী লেখক হুমায়ুন আজাদও নেই আজ ১৫ বছর।

১৫ বছর আগে এই ফেব্রুয়ারিতে তাঁর উপর হামলা হয়েছিল। তিনিও আমার স্মৃতিতে আছেন।

আজ ফাগুনের দিনে যে কথাটা বলতে চাই, এই তিন হুমায়ুন কেবল যে আমার জীবনেই প্রভাব ফেলেছিলেন তাই নয়, বাংলাদেশের সৌভাগ্য যে এই তিন হুমায়ুন বাংলাদেশের তিনটা প্রজন্মকে গড়ে তুলতে সহায়তা করেছেন।

আমরা একজনের অভিনয় দেখে বড় হয়েছি, একজনের বই পড়ে, আরেকজন মুক্তভাবে চিন্তা-ভাবনা করতে শিখিয়েছেন।

আজ ফহেলা ফাল্গুনে, এই ফেব্রুয়ারিতে তিন হুমায়ুনের জন্য গভীর শ্রদ্ধা। পরপারে ভালো থাকুন আপনারা। আজকের সকালটা শ‌ুরু করছি আপনাদের তিনজনকে শ্রদ্ধা জানিয়ে।

শুভ সকাল হুমায়ুন ফরিদী, হুমায়ুন আহমেদ ও হুমায়ুন আজাদ। শুভ সকাল বাংলাদেশ।