সিল্কসিটিনিউজ ডেস্ক :
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁদের দল দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে। তিনি বলেন, ‘যারা জনগণের টাকা চুরি করেছে, আমরা দায়িত্ব পেলে তাদের শান্তিতে থাকতে দেব না। তাদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে আনব।’
গতকাল শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা, সিলেট ও সুনামগঞ্জের সংসদ সদস্য প্রার্থীরা, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, কোনো অফিস, আদালত, কার্যালয়—আমরা যদি সুযোগ পাই, এখন থেকে আর কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না।’
তিনি বলেন, ‘এই সিলেটে হযরত শাহজালাল (রহ.) তৎকালীন ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলেন। আমরা তাঁরই উত্তরসূরি।
বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। তবে আমরা ২০২৪-এর ৫ আগস্টের পরই বলেছিলাম, দল হিসেবে জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করে দিয়েছি।’
জামায়াত আমির বলেন, ‘সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে।
কানা ছেলের নাম পদ্মলোচন। কেবল নামেই আন্তর্জাতিক, কিন্তু কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে নামে না। আমরা এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করব।’
হাওরাঞ্চল, কৃষি ও মৎস্য খাত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘সুনামগঞ্জের হাওর-বাঁওড় এলাকা থেকে দেশের খাদ্যের একটি বড় অংশ আসে। অথচ এই এলাকাগুলো অবহেলিত।
বাঁধ ভাঙে, ফসল নষ্ট হয়। যারা বাঁধের টাকা পেটের ভেতরে ঢোকায়—এই ইঁদুরগুলো আর বাঁধ কাটার সুযোগ পাবে না।’ তিনি বলেন, ‘আমি এই সিলেটের সন্তান। আমি এখানে আপনাদের কোলে লালিত হয়েছি। আজ জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবে এখানে দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক বনব না। আপনাদের চৌকিদার হব। যার যা মর্যাদা তা নিশ্চিত করব।’ বক্তব্য শেষে তিনি সিলেট বিভাগের দুই জেলার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
নির্বাচিত হলে হবিগঞ্জ জেলাকে সন্ত্রাসমুক্ত করা হবে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে ঝামেলা হলেই দেশ ছেড়ে চলে যায় কেউ কেউ। কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না ইনশাআল্লাহ।’ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো ১৮ কোটি মানুষের। রাস্তার ভিক্ষুক বা আজকে জন্ম নেওয়া শিশুরও এই টাকায় অংশ রয়েছে। তারা এই টাকা বিদেশ পাঠিয়ে দিয়েছে। হবিগঞ্জ নিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি হবিগঞ্জ সন্ত্রাসকবলিত এলাকা। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত জেলা উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ১২ তারিখ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবেন প্রত্যাশা করি। যে এলাকা যত বেশি উন্নয়নবঞ্চিত হয়েছে, আল্লাহ আমাদের সুযোগ দিলে সেই এলাকা থেকেই উন্নয়নের ধারা শুরু করব।’
সমাবেশে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সিলেট বিভাগীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর জোট বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরী, হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আবদুল কাদের, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান প্রমুখ।
কুলাউড়ায় দুজন এমপি পাবেন, আমি থাকব ছায়া এমপি : জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুলাউড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সায়েদ আলী। কিন্তু কুলাউড়া আসনে প্রার্থী দুজন। আপনারা এখানে দুজন এমপিকে ভোট দেবেন। এ আসনে বাস্তব এমপি হবেন ইঞ্জিনিয়ার সায়েদ আলী। আর ছায়া এমপি হিসেবে আছি আমি ডা. শফিকুর রহমান।’
গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুলাউড়ার চা-শ্রমিকদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা-শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাঁদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব। একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা। আমরা চাই, যদি একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হয়, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।’
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনে ১১ দলের জোটের মনোনীত প্রার্থী (বড়লেখা-জুড়ী) মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।










