সিল্কসিটি নিউজ ডেস্ক:
বাগেরহাটের শরণখোলায় আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে কুদ্দুস মোল্লা (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক মারা গেছেন। সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাইয়ের ছেলে সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান মোল্লা জানান, তার চাচা কুদ্দুস মোল্লা একাই নিজ বাড়ির বাগানের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় পা ফোঁসকে গাছের ১০-১২ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। গাছের গোড়ায় মোটা শিকড়ের ওপর পড়ে তার মাথা, নাক, মুখ মারাত্মকভাবে থেঁতলে যায়। পরে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে।

মিজান মোল্লা জানান, নিহত কুদ্দুস মোল্লা দক্ষিণ রাজাপুর গ্রামের ৭৪ নম্বর রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সূত্র: কালের কণ্ঠ









