
সিল্কসিটি নিউজ ডেস্ক
রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ঈদুল ফিতরের আগে রিজার্ভ কিছুটা বেড়েছিল। তবে ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমার পাশাপাশি আমদানির চাপে আবারও কমতে শুরু করেছে অর্থনীতির অন্যতম এই সূচকটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে। ঈদের আগে গত ৮ এপ্রিল রিজার্ভ ছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার। এ হিসেবে গত ১০ দিনে বিপিএম-৬ এর রিজার্ভ কমেছে ২১১ মিলিয়ন বা ২ কোটি ১১ লাখ ডলার। বিপিএম-৬ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আর রিজার্ভ ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা আইএমএফের কাছে প্রকাশ করতে হয়। এছাড়া আইএমএফের ঋণচুক্তি অনুসারে প্রতি তিন মাসে নির্দিষ্ট পরিমাণ নিট বা প্রকৃত রিজার্ভ সংরক্ষণের হিসাব দিতে হয়। তবে এ তথ্য প্রকাশ করে না আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।








