সিল্কসিটিনিউজ ডেস্ক:
কথায় বলে, ‘প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে সমৃদ্ধি কখনই স্থায়ী ও টেকসই হয় না।’ এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্যি তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।
একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে না আসে তাহলে সেই দেশগুলো কাঙ্ক্ষিত মাত্রায় অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি সাধন করতে পারে না। তাই প্রতিটি দেশই চেষ্টা করে কিভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি এবং বজায় রাখা যায়।

কিন্তু এই সুসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার ব্যাপারটি খুবই জটিল। চাইলেই সুসম্পর্ক সৃষ্টি করা সম্ভব হয় না। কোনো দেশ, বিশেষ করে বড় প্রতিবেশী দেশ যদি আন্তরিকতা প্রদর্শন না করে তাহলে এই দ্বিপক্ষীয় সুসম্পর্ক কোনোভাবেই স্থাপিত হয় না।
আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক না থাকলে কিভাবে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয় তার শত শত প্রমাণ উপস্থাপন করা যেতে পারে। কিছু দেশ আছে যারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতেই বেশি উৎসাহী।
এদের কারণে সংঘভুক্ত অন্য দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০০৫ সালে বিশ্বব্যাপী মুক্তবাজার অনুসরণ শুরু হলে একক প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ব্লকভিত্তিক উন্নয়ন কৌশল প্রাধান্য পায়।
অনেকেই তখন মনে করেছিলেন, পাশাপাশি এলাকায় অবস্থিত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ব্লক সৃষ্টির মাধ্যমেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। তাই এ সময় আমরা প্রত্যক্ষ করি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক অর্থনৈতিক ব্লক গড়ে উঠতে শুরু করে।
ইতিপূর্বে যেসব ব্লক গড়ে উঠেছিল সেগুলোও চাঙ্গা হয়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এগুলো আগে থেকেই ব্লকভিত্তিক উন্নয়ন কৌশল চালিয়ে যাচ্ছিল। এ সময় এগুলো আরও চাঙ্গা হয়ে ওঠে।
নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া (নাফটা) গড়ে ওঠে। ইতিপূর্বে গঠিত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কোঅপারেশন (সার্ক) তাদের কর্ম তৎপরতা বৃদ্ধি করে। সার্কের বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য গঠিত হয় সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা সাপটা। সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ। ’৮০র দশকের শেষের দিকে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠনের প্রচেষ্টা গ্রহণ করা হয়।
সার্ক গঠনের উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার পাশাপাশি এলাকায় অবস্থিত দেশগুলোকে নিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে আঞ্চলিক দ্বিপক্ষীয় রাজনৈতিক সমস্যার সমাধান এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অঞ্চলটিকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যাওয়া।
কিন্তু শুরুতেই একটি দেশ সেখানে শর্ত দিয়ে বসে যে, সার্কে কোনো দ্বিপক্ষীয় ইস্যু আলোচনা করা যাবে না। এই শর্ত মেনে নেয়ার কারণে সার্ক তার কার্যকারিতা অনেকটাই হারিয়ে ফেলে। সার্কের রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চিতভাবেই ক্ষুণ্ণ হয়। পরবর্তী সময়ে সাপটা গঠিত হয়। উদ্দেশ্য ছিল সাপটার মাধ্যমে সার্ক অঞ্চলের দেশগুলোর বাণিজ্য সম্ভাবনাকে পুরো মাত্রায় কাজে লাগিয়ে এই অঞ্চলের দেড়শ’ কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা।
কিন্তু সার্কের গুরুত্বপূর্ণ সদস্য ভারত এবং পাকিস্তানের কারণে সাপটাও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতি যেভাবে বিকশিত হচ্ছে তাতে সবাই যদি এক জোট হয়ে রফতানি সম্ভাবনাকে কাজে লাগাতে পারত তাহলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারতাম।
সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আন্তরিকতা ও উদারভাবে উদ্যোগ গ্রহণের অভাব। নানা ধরনের শুল্ক ও অশুল্ক বাধা সৃষ্টি করে বাণিজ্য সম্ভাবনাকে নষ্ট করে দেয়া হচ্ছে। সার্ক দেশগুলোর আন্তঃবাণিজ্যের হার খুবই কম।
সার্ক যখন যাত্রা শুরু করে তখন সার্কভুক্ত দেশগুলোর আন্তঃবাণিজ্যের হার ছিল ২ শতাংশ। অর্থাৎ সার্কভুক্ত দেশগুলো প্রতি বছর যে আমদানি-রফতানি করে তার মাত্র ২ শতাংশ নিজেদের মধ্যে সম্পাদন করত। সার্কভুক্ত দেশগুলোর আন্তঃবাণিজ্যের হার এখন ৫ শতাংশে উন্নীত হয়েছে। এই সামান্য পরিমাণ আন্তঃবাণিজ্য নিয়ে একটি অর্থনৈতিক ব্লক কখনই কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা অর্জন করতে পারে না।
বিশ্বব্যাংক সম্প্রতি ‘এ গ্লাস হাফ ফুল, প্রমিজ অব রিজিওনাল ট্রেড ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আন্তঃবাণিজ্যের স্বল্পতার কারণে দক্ষিণ এশীয় দেশগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, আন্তঃবাণিজ্য স্বল্পতার কারণে দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ইতিবাচক অঙ্গীকার থাকা সত্ত্বেও শুল্ক ও অশুল্ক বাধা এবং কার্যকর উদ্যোগের অভাবে দেশটি বাণিজ্য ক্ষেত্রে বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছে না।
ডুয়িং বিজনেস সহজীকরণ করা গেলে বিদ্যমান অবস্থাতেই ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দেড়গুণ বাড়ানো সম্ভব। এ জন্য দেশ দুটির মধ্যে বিদ্যমান যোগাযোগ অবকাঠামো আরও উন্নত করতে হবে। কার্যকর বাণিজ্য সহায়ক পরিবেশ না থাকার কারণে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে প্রতি বছর গড়ে ৯৯২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বাণিজ্য হারাতে হচ্ছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৮৪ হাজার কোটি টাকা।
বর্তমানে বাংলাদেশ ভারতের সঙ্গে ৬২২ কোটি মার্কিন ডলারের বাণিজ্য সম্পাদন করে। এই বাণিজ্য বৃদ্ধি করে ১ হাজার ৬৪ কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। আন্তঃবাণিজ্য বৃদ্ধির এই সীমাবদ্ধতা শুধু যে ভারতের সঙ্গে তা নয়; পাকিস্তান এবং শ্রীলংকার সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আন্তঃবাণিজ্যের স্বল্পতার কারণে পাকিস্তান ও শ্রীলংকার কাছ থেকে বাংলাদেশ যথাক্রমে ৫৪ কোটি মার্কিন ডলার ও ৪২ কোটি মার্কিন ডলার বাণিজ্য হারাচ্ছে।
শুধু এই কয়েকটি দেশের সঙ্গেই নয়, আন্তঃবাণিজ্যের দুর্বলতার কারণে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য সম্ভাবনাকে পুরো মাত্রায় কাজে লাগাতে পারছে না। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরও একটি বড় সমস্যা হচ্ছে সীমিত সংখ্যক পণ্য ও সামান্য কিছু দেশের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা।
বাংলাদেশ বিশ্বের দেড় শতাধিক দেশে পণ্য ও সেবা রফতানি করে; কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে রফতানি বাণিজ্যের ৮৫ শতাংশেরও বেশি।
অন্য দিকে রফতানি পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ প্রায় ২০০ পণ্য রফতানি করলেও মোট রফতানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়া, চা এবং পাট ও পাটজাত পণ্য থেকে। রফতানি সম্ভাবনাকে পুরো মাত্রায় কাজে লাগাতে হলে সম্ভাবনাময় এবং স্থানীয় কাঁচামালনির্ভর অধিক মূল্য সংযোজনকারী নতুন নতুন পণ্য রফতানি তালিকায় স্থান দিতে হবে।
একই সঙ্গে সম্ভাবনাময় বাণিজ্য অঞ্চল খুঁজে বের করতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক উন্নত থাকলেই বাণিজ্য বৃদ্ধি পাবে তা সব সময় নাও হতে পারে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রফতানি পণ্যের ভিন্নমুখিতা একটি বড় শর্ত। অর্থাৎ দেশ দুটি যদি একই নেচারের পণ্য উৎপাদন এবং রফতানি করে তাহলে দেশ দুটির মধ্যে বাণিজ্য সম্পর্ক কখনই কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হতে পারে না।
মনে করি, ভারত তৈরি পোশাক রফতানি এবং স্বর্ণালঙ্কার আমদানি করে। বাংলাদেশও তৈরি পোশাক রফতানি এবং স্বর্ণালঙ্কার আমদানি করে; তাহলে এই দুটি দেশের মধ্যে কখনই দ্বিপক্ষীয় বাণিজ্য কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পাবে না। বাংলাদেশ ও ভারত উভয় দেশই এমন একটি দেশের অনুসন্ধান করবে যারা তৈরি পোশাক আমদানি করে এবং স্বর্ণালঙ্কার রফতানি করে। দুটি দেশের মধ্যে বাণিজ্য সম্পাদিত হতে হলে রফতানি পণ্যের ভিন্নতা থাকতে হয়।
আবেগ দিয়ে কখনই আন্তর্জাতিক বাণিজ্য চলে না। এমন পণ্য ও সেবা রফতানি করতে হয় আন্তর্জাতিক বাজারে যার চাহিদা আছে।
সার্ক দেশগুলোর জিডিপি’র পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ভলিউমও বেড়েছে। কিন্তু আন্তঃবাণিজ্য তেমন একটা বাড়েনি। সার্ক অঞ্চলের ৮টি দেশের আন্তঃবাণিজ্যের হার হচ্ছে ৫ শতাংশ। অন্যদিকে একই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আন্তঃবাণিজ্যের হার ২৫ শতাংশ।
আসিয়ানের আন্তঃবাণিজ্যের হার ৩৫ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের হার ৬০ শতাংশ। সাব সাহারান দেশগুলোর আন্তঃবাণিজ্যের হার ২২ শতাংশ। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক জোট হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা। এই জোটের মোট রফতানির পরিমাণ হচ্ছে ২ লাখ ২১ হাজার ৬১২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে আন্তঃবাণিজ্যের হার হচ্ছে ৫০ দশমিক ২০ শতাংশ।
একটি অঞ্চল বা দেশ যদি তাদের আন্তর্জাতিক বাণিজ্য সম্ভাবনাকে পুরো মাত্রায় কাজে লাগাতে চায় তাহলে অবশ্যই আন্তঃবাণিজ্যের হার বাড়াতে হবে। কিন্তু সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো উদ্যোগ তো নিচ্ছেই না বরং নানাভাবে শুল্ক বাধা এবং অশুল্ক বাধার সৃষ্টি করে দ্বিপক্ষীয় বাণিজ্যের স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত করছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ খুবই বেশি।
যেমন, ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্ভাবনা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। দেশ দুটির রাজনৈতিক বিরোধ অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত হচ্ছে। বিশ্বব্যাংক বলেছে, বাণিজ্য সহজীকরণ করা গেলে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ভলিউম বা সম্ভাবনা প্রায় ১৫ গুণ বৃদ্ধি করা সম্ভব।
সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পাদিত বাণিজ্যের পরিমাণ ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। কার্যকর উদ্যোগ নেয়া হলে এটা ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
বাংলাদেশ আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ নানা অসঙ্গতির মধ্যে রয়েছে। যেমন, বাংলাদেশ যেসব দেশ থেকে অধিক পরিমাণে পণ্য ও সেবা আমদানি করে সেসব দেশে বাংলাদেশের রফতানির পরিমাণ খুবই সামান্য। অন্যদিকে যেসব দেশে বাংলাদেশ প্রচুর পরিমাণ পণ্য রফতানি করে সেসব দেশ থেকে বাংলাদেশ অতি সামান্য পণ্য আমদানি করে।
যেমন, ২০১৬ সালে বাংলাদেশ মোট ২ হাজার ৪৩১ কোটি ৩ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করে। এর মধ্যে শীর্ষস্থানীয় ১০টি দেশে বাংলাদেশ রফতানি করে ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের পণ্য। এই দশটি দেশের মধ্যে ভারত ও চীনের নাম নেই। অর্থাৎ ভারত এবং চীন বাংলাদেশের পণ্য আমদানির শীর্ষ ১০-এ নেই। একই বছর বাংলাদেশ ৪ হাজার ১২২ কোটি ২ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে।
এর মধ্যে শীর্ষস্থানীয় ১০টি দেশ থেকে আমদানি করে ২ হাজার ৮৫৭ কোটি ২ লাখ মার্কিন ডলারের পণ্য। বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে শীর্ষ দশের প্রথমেই অবস্থান করছে ভারত ও চীন।
গত অর্থবছরে বার্ষিক রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। এর বিপরীতে প্রকৃত রফতানি আয় হয়েছে ৪ হাজার ৫৩ কোটি মার্কিন ডলার। এটা নির্ধারিত রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ এবং আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি। বরাবরের মতোই তৈরি পোশাক এবং সংশ্লিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ রফতানি আয় হয়েছে। সার্বিক রফতানি আয়ের ৮৪ শতাংশই এসেছে এই খাত থেকে, যার পরিমাণ ৩ হাজার ৪১৩ কোটি মার্কিন ডলার। গত বছর রফতানি আয়ের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। কিন্তু এতে আন্তঃবাণিজ্যের অবদান আগের মতোই রয়েছে।
এমনকি তৈরি পোশাকের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতাও দৃশ্যমান। অনেক দিন ধরেই বাংলাদেশের রফতানি বাণিজ্যে তৈরি পোশাক শীর্ষস্থান দখল করে রয়েছে। কিন্তু তৈরি পোশাক সামগ্রী উৎপাদনে আমদানিকৃত কাঁচামাল ব্যবহৃত হয় বলে জাতীয় অর্থনীতিতে এই খাতের মূল্য সংযোজনের হার তুলনামূলকভাবে কম।
আমরা যদি রফতানি সম্ভাবনাকে ভালোভাবে কাজে লাগাতে চাই তাহলে অধিক মূল্য সংযোজনকারী স্থানীয় কাঁচামালনির্ভর পণ্যকে রফতানি তালিকায় স্থান দিতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তঃবাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে চীন, জাপান ইত্যাদি দেশের বাণিজ্য হ্রাস পেয়েছে। ফলে তাদের জিডিপি প্রবৃদ্ধির হারও হ্রাস পেয়েছে। বাংলাদেশ এতে উল্লসিত হয়েছে। কারণ বাংলাদেশ এখনও উচ্চমাত্রায় প্রবৃদ্ধি অর্জন করছে। এই অবস্থা বেশি দিন থাকবে না।
কারণ চীন বিকল্প পথে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির চেষ্টা করবে। সে ক্ষেত্রে আমাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আবারও প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে। এখন আমাদের প্রয়োজন হল, আন্তঃবাণিজ্য বাড়ানো এবং রফতানি পণ্য ও রফতানি গন্তব্যের ভিন্নমুখিতা আনয়ন করা।
এম এ খালেক : অর্থনীতিবিষয়ক কলাম লেখক










