সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় বিপুল দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
আনোয়ারায় বিপুল দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আনোয়ারা উপজেলার কালীগঞ্জ ব্রিজ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে থানার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি সক্রিয় ডাকাতদল এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে সাতজনকে আটক করা সম্ভব হয়।

তিনি আরো জানান, গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল চারটি সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সাতজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পরৈকোড়া গ্রামের মো. সাকিব প্রকাশ শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁও এলাকার মোহাম্মদ নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), গৌরনখাইন এলাকার মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), শান্তির হাটের মো. হাবিব (২৩) এবং দক্ষিণ আশিয়াইশের মো. রাজীব চৌধুরী (২১)।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি দেশীয় লোহার অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ডাকাতদলের এমন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা সজাগ রয়েছি। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’