নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে পালানোর তিনদিন পর বুধবার মোখলেসুর রহমান নামের সেই আসামি আদালতে আত্মসমর্পন করেছেন। আজ দুপুর ১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এ সময় পলাতক ওই আসামি আদালতে জামিনের জন্য আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক আবদুস সালাম আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) খুরশিদা বানু কনা বলেন, রাজশাহীর পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোখলেসুর রহমানকে গত শনিবার ১শ’ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
ওই মামলায় আদালতে চালান দেওয়ার জন্য গত রোববার ১৩ নভেম্বর বিকেলে আসামি মোখলেসুর রহমানকে জেলা কোর্ট হাজতে আনা হয়। কিন্তু গাড়ি থেকে নামিয়ে হাজতে ঢোকানোর সময় সে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে এই ঘটনায় রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়। আত্মসমর্পনের পর তাকে এরই মধ্যে কারাগারেও পাঠানো হয়েছে।
এছাড়া ঘটনার পর রাজশাহী জেলা কোর্ট পুলিশের চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করাও হয়।
স/অ










