সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। তাঁর শৈশব-কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। পরে বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তাঁর আরেকটি বড় পরিচয়, মহান মুক্তিযুদ্ধে একটি সেক্টরের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধ পরিচালনা করেন। সামরিক ও রাজনৈতিক জীবনে তাঁর সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে আজও স্মরণ করে।
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ ঘটনার পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ঘটে। দেশের সেই ক্রান্তিকালে সিপাহি-জনতার মিলিত প্রয়াসে জিয়াউর রহমান দেশের নেতৃত্বের হাল ধরেন। ১৯৮১ সালের ৩০ মে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রামে তিনি নিহত হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে গতকাল বুধবার এক বাণী দিয়েছেন। তাতে বলা হয়, ‘দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনেই আমাদের জাতিসত্তার সঠিক স্বরূপ আবিষ্কৃত হয়, যা আমাদের ভৌগোলিক জাতিসত্তার সুনির্দিষ্ট পরিচয় দান করে। ’ ফখরুল আরো বলেন, ‘শহীদ জিয়ার জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে। ’
কর্মসূচি : জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিনটি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।










