সদ্য প্রকাশিত
রাজনীতি

আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, প্রতিহত করা হবে : জিলানী

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, প্রতিহত করা হবে : জিলানী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের নির্দেশে অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে।

’
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘ভেবেছিলাম ৫ আগস্টের পরে আওয়ামী লীগ শিক্ষা নেবে। কিন্তু দেখলাম, তারা শিক্ষা গ্রহণ করেনি। তাদের নতুন করে আবার শিক্ষা দিতে হবে।

’
আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ পাচার ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ থেকে লুট করে শেখ হাসিনা বিদেশে যে অর্থ পাচার করেছেন, সেই অর্থ দিয়ে মাদকসেবীদের ভাড়া করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হচ্ছে।

দেশে পরিকল্পিতভাবে যারা সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।