নিজস্ব প্রতিবেদক:
উপজেলা নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের এক কাতারে আনতে জেলা আওয়ামী লীগের উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাঘা উপজেলার স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আলোচনায় বসেন। সন্ধ্যায় বাঘা মাজারের পাশে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের এক কাতারে আনার জন্য আসাদুজ্জামান আসাদ আলোচনা করেন।
আলোচনা সভায় আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সমর্থকদের ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নসিম, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এরআগে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি। পর্যায়ক্রামে রাজশাহীর প্রতিটি উপজেলার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আলোচনায় বসা হবে বলে জানানো হয়েছে।
স/শা










