সিল্কসিটিনিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটি এলাকার মহাসড়কে ছুরিকাঘাতে ফরাসি এক পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এলিস স্প্রিংস থেকে প্রায় এক ঘণ্টা দূরত্বের স্টুয়ার্ট হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রীও ছিলেন। বিনা উস্কানিতে এ হামলা চালানো হয়। হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর।

ডিটেকটিভ সুপারিন্টেন্ডেন্ট ট্রাভিস উরস্ট বলেন, হামলাকারী আইলেরোন রোডহাইস থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে দুই ফরাসি পর্যটকের ওপর ওপর হামলা চালায়। পর্যটকরা স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বিনা উস্কানিতে হামলাকারী পুরুষ পর্যটকের গলায় ছুরিকাঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
হামলা চালিয়ে লোকটি একটি যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে পুলিশ যানবাহনটি থামালে লোকটি গাড়ি থেকে লাফিয়ে পড়ে বনের মধ্যে পালিয়ে যায়। তবে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, লোকটির স্ত্রী এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন। এলিস স্প্রিংস হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










