সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় আগুনে আত্মহত্যার চেষ্টা রোহিঙ্গা শরণার্থীর

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় আগুনে আত্মহত্যার চেষ্টা রোহিঙ্গা শরণার্থীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ব্যাংকের ভেতর নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেণ একজন শরণার্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিনি মিয়ানমার থেকে আসা একজন আশ্রয়প্রার্থী। শুক্রবার মেলবোর্নের কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) একটি শাখায় ওই ব্যক্তি শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই ব্যক্তিসহ আরও পাঁচজন অগ্নিদগ্ধ এবং অন্তত ২১ জন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

 
ওই তরুণের এক বন্ধুর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তার নাম নুর । মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি। নূর তিন বছর আগে সমুদ্র পথে অস্ট্রেলিয়ায় আসেন এবং শরণার্থী ভিসার আবেদন করেন। পুলিশ পাহারায় হাসপাতালে ২১ বছর বয়সী ওই তরুণের চিকিৎসা চলছে।

 
বিবিসি জানিয়েছে, মেলবোর্নে আসার আগে ভারত মহাসাগরের ক্রিস্টমাস দ্বীপে অস্ট্রেলিয়ার ডিটেনশন ক্যাম্পে ছিলেন নূর। তার ভিসা আবেদনের রায় স্থগিত হয়ে আছে। নূরের বন্ধুরা জানান, সরকারের দেওয়া কল্যান ভাতা তুলতে বুধবার ব্যাংকে যাওয়ার পর নূর জানতে পারেন তার একাউন্টে কোনো অর্থ জমা পড়েনি।

 
অস্ট্রেলিয়ান বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হাবিব হাবিব মেলবোর্ন এজ কে বলেন, ‘সে (নূর) ভোগান্তির মধ্যে ছিল। তার বন্ধুরা আমাকে জানিয়েছে, তার কল্যান ভাতা ব্যাংক একাউন্টে জমা পড়েনি এবং সে তার বাড়ি ভাড়া দিতে পারছে না।’ শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আইনজীবী পামেলা কুর বলেন, ‘এই ব্যবস্থা তাদের সবাইকে পাগল বানিয়ে দিয়েছে। আইনী জটিলতার তাদের জীবন নরক হয়ে গেছে।’ নূর মনরোগে ভুগছিলেন বলেও জানিয়েছেন তিনি।

 

অস্ট্রেলিয়া সরকার প্রায় ৩০ হাজার আশ্রয় প্রার্থীর আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেছে বলেও দাবি করেন কুর।

সূত্র: বাংলা ট্রিবিউন