আজ বিকেল তিনটার দিকে জাতীয় কমিটির একটি প্রতিনিধিদল গুলশানে ভারতীয় হাইকমিশনে গিয়ে চিঠি দিয়ে আসে। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় কমিটির নেতা বি ডি রহমতুল্লাহ, তানজীমউদ্দিন খান, রেহনুমা আহমেদ, মোশাইদা সুলতানা, কফিল আহমেদ ও কল্লোল মোস্তফা। কল্লোল মোস্তফা জানান, বি ডি রহমতুল্লাহ হাইকমিশনের ভেতরে গিয়ে এক কর্মকর্তার কাছে চিঠিটি পৌঁছে দেন।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এরপর সেখান থেকে দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে বিজয়নগর, শান্তিনগর হয়ে গুলশানের দিকে এগিয়ে যান। কিন্তু বেলা একটার পর মৌচাক মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশ বাধা দেয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হওয়ার পর মিছিলকারীরা আরও সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। আহত হন অন্তত ১৫ জন।
স/আর









