সদ্য প্রকাশিত
রাজনীতি

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আযাদ

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আযাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, আওয়ামী কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেই অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বরং তারা বিরোধী দলকে ঘরছাড়া করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতির মেরুদন্ড ভেঙে ফেলেছে এবং বিচারব্যবস্থার স্বাধীনতাকে সংকুচিত করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সব ষড়যন্ত্র মোকাবিলার তাগিদ দিয়ে তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদ থেকে মুক্তির লক্ষ্যে ৫ আগস্টের বিজয় দেশের জন্য আল্লাহর এক নিয়ামত। এই বিজয়ের মাধ্যমে হতাশা থেকে মুক্তি লাভ করেছে জাতি। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী এ বিজয় নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা তা কোনোভাবে মেনে নেব না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংস্কার দাবি করছি। কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্বাচনী আইন সংস্কার এবং গণতান্ত্রিক চেতনার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জীবন আদর্শে পরিবর্তন আনতে হবে। সহিহ নিয়ত নিয়ে আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করতে হবে। সঠিক জ্ঞান, দৃঢ় ঈমান, ভালো চরিত্র এবং শুদ্ধ আমল দিয়ে নিজেদের জীবন পরিচালিত করতে হবে।’

জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২০২৪-২৫ সেশনের এই জেলা আমির শপথ অনুষ্ঠান ও রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা আমির মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের সাবেক জেলা আমির মোঃ দেলোয়ার হোসেন, অঞ্চল টিম সদস্য সামসুল ইসলাম, নবনির্বাচিত জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।

 

সূত্র: যুগান্তর