সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নাদিম (১৫) ও রাজন (১৪)। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তারা কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাতে চার বন্ধু মিলে অটোরিকশা নিয়ে চা খাওয়ার উদ্দেশে হাসনাবাদ যাওয়ার পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
এসময় ঘটনাস্থলে নাদিম ও রাজন নিহত হয় ও অপর দুজন গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









