ধর্ম

পটিয়া মাদরাসার মহাপরিচালকের ইন্তেকাল

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের শীর্ষ আলেম ও আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা আবু তাহের কাসেমি নদভি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকাল হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

মাওলানা আবু তাহের নদভি (রহ.) ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুরে জন্মগ্রহণ করেন।

পারিবারিক পরিবেশে তাঁর লেখাপড়ার হাতেখড়ি হয় এবং কারি হারুন (রহ.)-এর কাছে কোরআন পাঠ ও প্রাথমিক ইসলামী জ্ঞান লাভ করেন। পরবর্তী সময়ে তিনি জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া, নানুপুর ও জামিয়া ইউনুসিয়া, বিবাড়িতে অধ্যয়ন করেন এবং জামিয়া ইসলামিয়া, পটিয়া থেকে ১৯৮০ সালে দাওরা হাদিস ও ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। মাওলানা আবু তাহের নদভি (রহ.) পুনরায় ভারতের দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিস অধ্যয়ন করেন। সর্বশেষ তিনি ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করার পর তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পটিয়া মাদরাসায় বিভিন্ন বিষয়ে পাঠদানের পাশাপাশি একাধিক প্রশাসনিক দায়িত্বও পালন করেন। সর্বশেষ একটি বিরোধপূর্ণ পরিস্থিতিতে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ সালে পটিয়া মাদরাসার মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

এ ছাড়া মাওলানা আবু তাহের নদভি (রহ.) দেশ-বিদেশের একাধিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আধ্যাত্মিকতার ধারায় তিনি প্রথমে মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হক্কি (রহ.)-এর হাতে বায়াত হন। পরবর্তী সময়ে তিনি ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.)-এর হাতে বায়াত গ্রহণ করেন এবং খিলাফত ও ইজাজত লাভ করেন। আল্লাহ তাঁর জীবনের সব দ্বিনি খিদমত কবুল করে নিন। আমিন।