সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হলেও এ দেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বারবার চেপে বসা শাসকগোষ্ঠী এই স্বাধীনতার টুঁটি চেপে ধরেছে বলেও অভিযোগ করেন তিনি।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সিবগাতুল্লাহ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার সেই গণরায়কে উপেক্ষা করছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এমনকি গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি স্পষ্টভাবে জানান, জনগণের ম্যান্ডেটকে এভাবে উপেক্ষা করা যায় না, কারণ সংবিধানের চেয়ে জনগণের ইচ্ছা বড়।
তিনি আরো অভিযোগ করেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিলের চক্রান্ত চলছে, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অতীতে সংস্কারের পক্ষে থাকা প্রধানমন্ত্রীকে তার দলের বর্তমান অবস্থানের বিপরীতে গিয়ে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষা খাত ও দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার এতদিন পরেও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি। দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহীসহ কার্যকরী পরিষদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।
সমাবেশের শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।










