জাতীয়

পুলিশ ফাঁড়ির সামনেই দরবার শরিফে হামলা : বাসদের নিন্দা

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বরিশাল নগরের বটতলা পুলিশ ফাঁড়ির সামনেই মঙ্গলবার (১৭ মার্চ) হাবিব শাহের দরবারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ঘটনাটিকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দেন। পাশাপা‌শি দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিবৃতিতে বলা হয়, বটতলা পুলিশ ফাঁড়ির মুখে প্রায় ৩৮ বছর ধরে হাবিবুর রহমান ওর‌ফে হা‌বিব শাহের দরবার পরিচালিত হয়ে আসছে।

স্থানীয় সূত্র জানায়, দরবার ঘিরে সংলগ্ন মাঠে নিয়মিত ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজন হয়। হাবিবুর রহমান ভাই খ‌লিলুর রহমান দরবা‌রেই থাক‌তেন। মঙ্গলবার ভো‌রে মৃত্যুবরণ ক‌রেন ৯০ বছর বয়সী হাবিব শাহ। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ভক্তরা খানকার ভেতরেই কবর দেওয়ার উদ্যোগ নেন।

অভিযোগ, তখনই একদল উচ্ছৃঙ্খল লোক সেখানে বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। দুপুর ২টার দিকে কব‌রের জন‌্য রাখা বাঁশসহ অনুষঙ্গ তছনছ ক‌রে হামলাকারীরা।
বাসদের অভিযোগ, হামলাকারীরা হারমোনিয়াম, ঢোলসহ গান-বাজনার সরঞ্জাম ভাঙচুর করে। এমন‌কি খানকাটি তালা মেরে বন্ধ করে দেয়।

প‌রে তার মর‌দেহ কীর্তন‌খোলা তী‌রের চরকাউয়ার এআর খান এলাকায় দাফন করা হয়। ঘটনাটি পুলিশ ফাঁড়ির সামনেই ঘটলেও তা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেও বিবৃতিতে ইঙ্গিত করা হয়।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে ৮০টির বেশি মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এমন পরিস্থিতিতে পুলিশ ফাঁড়ির সামনে দরবারে হামলার ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বাসদ নেত্রী।