জাতীয়

সেন্ট মার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

পর্যটন মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রিক স্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে এ মহড়ার আয়োজন করা হয়েছে। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

মহড়ায় সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।