সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় ২ শিশু ধর্ষণ, আটক ২

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
কুমিল্লায় ২ শিশু ধর্ষণ, আটক ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদের কুমিল্লা কোর্টে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিমপাড়ার এক বাড়ির উঠানে শিশুরা খেলা করছিল।

এ সময় প্রতিবেশী এক কিশোর শিশুটিকে উঠিয়ে নিয়ে তার কক্ষে ধর্ষণ করে। এ সময় ভিক্টিমের ছোট বোন (৪) বিষয়টি জেনে গেলে অভিযুক্ত তাকে এ ঘটনা কাউকে না জানাতে নিষেধ করে।
এদিকে, ৩-৪ দিন শিশুটি খাওয়া-নাওয়া ছেড়ে দিয়ে নিশ্চুপ থাকায় তার মা-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তাদের জানায়। পরে ওই শিশুকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেই সঙ্গে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

অপর ঘটনায় মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী এক কিশোর ৩ বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে তাকে কুমেক হাসপাতালে ভর্তি করায়। পরে ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট-হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।