সিল্কসিটিনিউজ ডেস্ক :
মানিকগঞ্জের শিবালয়ে এয়ার কম্প্রেসর মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ মল্লিক (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আরিচা তিন নম্বর ফেরি ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মল্লিক উপজেলার শিবালয় নতুনপাড়া এলাকার মৃত আনছার মল্লিকের ছেলে।

এ ঘটনায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিবের নির্দেশে তাৎক্ষণিক মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্যের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিচা তিন নম্বর ফেরি ঘাটের মুখে বাম পাশে চায়ের দোকানের সামনে দীর্ঘদিন ধরে আক্কাস নামে এক ব্যক্তি সিলিন্ডারে হাওয়া সংরক্ষণ করে তা বিভিন্ন যানবাহনের চাকায় দেওয়ার ব্যবসা করতেন। হঠাৎ আজ শনিবার আকস্মিকভাবে সিলিন্ডার বিকট শব্দ করে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় কয়েক গজ দূরে মোহাম্মদ মল্লিক চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। ঘটনার সময় বিস্ফোরিত সিলিন্ডারের কিছু অংশের প্রচণ্ড আঘাতে তার এক পা ছিন্নভিন্ন হয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদের শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ দিকে চায়ের দোকানদার সাব্বির কানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ছোট-বড় যন্ত্রাংশ ও টুকরার আঘাতে আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু কালের কণ্ঠকে বলেন, ‘হাওয়ার মেশিন বিস্ফোরণের ঘটনা শোনার পরে স্থানীয় সাংসদ এসএ জিন্নাহ কবির আমাকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে পাঠিয়েছেন। আমি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে আলোচনা করে এমপি মহোদয়ের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা করা হবে।
’
এ সময় শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা তানভীর অংকুর সম্রাটসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে










