সিল্কসিটিনিউজ ডেস্ক :
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বাদ পড়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (৩৮৩) করে আলোচনায় আছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কারটা হাতেনাতে পেয়েছেন ফারহান। আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ফারহান।

শুধু কি তা-ই? আইসিসির পক্ষ থেকেও পেয়েছেন সুসংবাদ। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে প্রথমবারের মতো দুইয়ে উঠে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ধাওয়া করতে শুরু করেছেন ফারহান।
র্যাংকিংয়ের শীর্ষে থাকা অভিষেকের বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৪, ফারহানের রেটিং পয়েট ৮৪৮। ব্যবধান মাত্র ২৬ পয়েন্টের
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেন ফারহান।
এক আসরে একাধিক সেঞ্চুরির রেকর্ড এবারই প্রথম। গ্রুপ পর্বে নামিবিয়ার পর সুপার এইটে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষেও।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও এখনো সেরা ছন্দ খুঁজে পাননি অভিষেক। সেটির প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে।
ব্যাটারদের তালিকায় ভারতের দুই ক্রিকেটার ঈশান কিষান ও তিলক বর্মা এক ধাপ করে এগিয়ে শীর্ষ দশে নিজেদের অবস্থান আরো মজবুত করেছেন। তাদের অবস্থান যথাক্রমে চতুর্থ এবং ষষ্ঠ। দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ডেভাল্ড ব্রেভিসও একধাপ এগিয়ে আটে উঠে এসেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৯২ রান করা জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট ছয় ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটারদের মতো বোলারদের র্যাংকিংয়েও শীর্ষে ভারতীয় ক্রিকেটার।
শীর্ষে থাকা বরুণ চক্রবর্তীর সঙ্গে দুইয়ে থাকা আফগানিস্তানের রশিদ খানের পার্থক্য মাত্র রেটিং ১৮ পয়েন্টের।
এই আসরে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন বরুণ। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন।










