সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

উখিয়ায় র‍্যাবের অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৫

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
উখিয়ায় র‍্যাবের অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে র‍্যাব-১৫। সোমবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে আরো দুই থেকে তিনজন পালিয়ে যায়।
আটকরা হলেন মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। র‍্যাব জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ব্যবহৃত খোসা, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের ছুরি, তিনটি ধারালো বিশেষ আংটি, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।