সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। তিনি ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ সামরিক হামলা ও আগ্রাসনের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক বিধি-বিধান ও সব রীতিনীতি লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের ওপর এই সামরিক আগ্রাসন ও সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছে। যা যুদ্ধাপরাধ ও মধ্যযুগীয় বর্বরতার শামিল।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ঠুনকো ও হাস্যকর অজুহাতে যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে তা মার্কিন- ইসরায়েলের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ এবং জাতিরাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর মত ঘটনা। একবিংশ শতাব্দীতে এ ধরনের অপতৎপরতা অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও সরকার পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত এই সামরিক আগ্রাসনের আসল উদ্দেশ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব নিরংকুশ করা। ইরানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করতে পারলে তাদের উদ্দেশ্য সফল হয়।’
ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, কয়েক দশক ধরে মার্কিনীদের এই অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রয়েছে। এসব সন্ত্রাসী তৎপরতার মধ্যে মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের কথিত গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের মুখোশও পুরোপুরি খসে পড়েছে। অনতিবিলম্বে ইরানে এই যৌথ সামরিক আগ্রাসন বন্ধে কার্যকরি উদ্যোগ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আরো বক্তৃতা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু ও মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।










