সদ্য প্রকাশিত
খেলা

ওয়াটসনের ১৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ওয়াটসনের ১৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনের ১৪ বছরের পুরনো রেকর্ডে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার উইল জ্যাকস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে চারবার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ জিতে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্যাকস ছিলেন দলের জয়ের নায়ক। প্রথমে বল হাতে ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে কিউইদের চাপে রাখেন।

পরে ব্যাট হাতে ১৮ বলে অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে চার উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই তার হাতেই ওঠে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার।
এর আগে নেপাল, ইতালি ও শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচসেরা হয়েছিলেন জ্যাকস। ফলে এক আসরে চারবার এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি।

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেরার পুরস্কার জিতে এই রেকর্ড গড়েছিলেন ওয়াটসন।
চলতি আসরে জ্যাকসের পারফরম্যান্স নজরকাড়া। সাত ইনিংসে ১৯১ রান করেছেন ৬৩.৬৬ গড়ে ও ১৭৬.৮৫ স্ট্রাইক রেটে। রয়েছে একটি অর্ধশতক।

পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৭ উইকেট, যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান দিয়ে ৩ উইকেট তার সেরা বোলিং।
সুপার এইটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। সামনে আরো দুটি ম্যাচ রয়েছে ইংলিশদের। ফলে জ্যাকসের সামনে সুযোগ রয়েছে ওয়াটসনের রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের মালিক হওয়ার।