সিল্কসিটিনিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থেকে সাইফ হাসান কোনো ম্যাচ টেলিভিশনে দেখছেন না। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলে পাকিস্তান সিরিজে নিজেকে প্রমাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শনিবার রাজশাহীতে সাইফ বলেন, ‘আমি এ পর্যন্ত বিশ্বকাপের একটি ম্যাচও দেখিনি। আমরা সবাই কষ্ট পেয়েছি। এটা অস্বীকার করার উপায় নেই। সামনে যে সিরিজগুলোতে সুযোগ পাব, সেখানে ভালো খেলাই লক্ষ্য।’
এদিকে বিসিএল শুরুর আগে ফিরেছেন বিদেশি কোচরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় তারা ছুটিতে ছিলেন। বিশ্বকাপ এখনো চলমান। এরই মধ্যে পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছে। আগামীকাল থেকে শুরু হবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। সাইফ খেলবেন মধ্যাঞ্চলের হয়ে।

সালাহউদ্দিন দুজন ক্রিকেটারের বিষণ্ন্নতায় ভোগার কথা বলেছেন। তারা কারা? এ প্রশ্নে সাইফ বলেন, ‘আমি জানি না। স্যার ভালো বলতে পারবেন। বিশ্বকাপের সময় আমি ‘অদম্য টি-টোয়েন্টি’ কাপে খেলেছি। হয়তো সবাই হতাশা কাটিয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘পরিবারকে সময় দিয়েছি। ক্রিকেট থেকে দূরে থাকতে পেরেছি। ইতিবাচক দিকগুলো নেওয়ার চেষ্টা করেছি।’
বিসিএলের গ্রুপপর্বের ম্যাচ দুটির ভেন্যু রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় দলের কোচিং স্টাফরা ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন এই টুর্নামেন্টে।










