সদ্য প্রকাশিত
খেলা

বিব্রতকর যে রেকর্ডে বাংলাদেশের পাশে ওমান

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বিব্রতকর যে রেকর্ডে বাংলাদেশের পাশে ওমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিরাপত্তাজনিত কারণে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে দল পাঠাতে রাজি না হওয়ায় বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি।

তবে বিশ্বকাপে না থেকেও আবারো আলোচনায় বাংলাদেশ। সেটি অবশ্য এক বিব্রতকর কারণে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা ম্যাচ হারের ‘লজ্জার’ রেকর্ডটা অনেক আগে থেকেই বাংলাদেশের।

সেই রেকর্ডে এবার ভাগ বসিয়ে বাংলাদেশকে আলোচনায় নিয়ে এসেছে ওমান।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের টানা দশম হার। বাংলাদেশেরও হার টানা দশটি।

মজার ব্যাপার হলো, দুই দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১০ ম্যাচ হারতে পাঁচ বছর লেগেছে।

বাংলাদেশের টানা হার শুরু হয়েছিল ২০০৭ সালে, উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকাকে দিয়ে। একই আসরে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছেও হেরেছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল।

এরপর ২০০৯ আসরে ভারত ও আয়ারল্যান্ড, ২০১০ আসরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া, ২০১২ আসরে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ।

ওমান টানা হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে ২০২১ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসর থেকে। শুরুটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে হেরে।

এরপর থেকে স্কটল্যান্ড, নামিবিয়া (সুপার ওভারে হার), অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।