সদ্য প্রকাশিত
খেলা

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবির দায় কার ওপর চাপালেন কোচ

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবির দায় কার ওপর চাপালেন কোচ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবির পর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ব্যর্থতার দায় সরাসরি খেলোয়াড়দের ওপর চাপিয়েছেন। দলের প্রস্তুতি নিয়ে সমালোচনাকে তিনি ‘ভুল বর্ণনা’ বলে উড়িয়ে দেন।

গ্রুপ পর্বেই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। এর ফলে দেশটির ক্রিকেট অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরা অভিযোগ তোলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল যথাযথ প্রস্তুতি নেয়নি। বিশেষ করে বিগ ব্যাশ লিগকে অগ্রাধিকার দিয়ে কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে প্রস্তুতি সিরিজে দেরিতে যোগ দেওয়ায় প্রশ্ন ওঠে।
পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারার পর বিশ্বকাপের সুপার এইট পর্বেও উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

ম্যাকডোনাল্ড এসব সমালোচনা নাকচ করে বলেন,
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, এমন কথা আমি শুনেছি।

এটা পুরোপুরি ভুল ধারণা। আমরা দীর্ঘ সময় ধরেই এই টুর্নামেন্টে মনোযোগী ছিলাম।’
তিনি আরো বলেন, ‘২০২১ সালে আমরা শিরোপা জিতেছিলাম। এরপর সাফল্য আসেনি।

অস্ট্রেলিয়া দলকে ঘিরে প্রত্যাশা সবসময়ই বেশি, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা অন্য ফরম্যাটকে প্রাধান্য দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যা।’
চোটের কারণে দলের প্রধান দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড বিশ্বকাপে খেলতে পারেননি। তবে ম্যাকডোনাল্ড বলেন, অনুপস্থিত খেলোয়াড়দের অজুহাত হিসেবে দেখানো ঠিক নয়।

‘আমরা যাদের পেয়েছি, তারা যথেষ্ট ভালো।

কিন্তু পারফরম্যান্স আশানুরূপ হয়নি। এটা আমাদের স্বীকার করতে হবে। সমালোচনা ন্যায্য ও গ্রহণযোগ্য,’ বলেন তিনি।
অস্ট্রেলিয়া টুর্নামেন্টে আজ তাদের শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে পাল্লেকেলেতে, যা কার্যত নিয়মরক্ষার ম্যাচ।