সিল্কসিটিনিউজ ডেস্ক :
শীতের অত্যন্ত প্রিয় এক সবজি বাঁধাকপি। মিহি করে কাটলে আর পরিমাণ মতো মসলাপাতি দিলে বাঁধাকপির স্বাদ হয় অমৃতের মতো। কিন্তু সমস্যা হলো বাঁধাকপি পরিষ্কার করা। স্তরে স্তরে সাজানো পাতার ভেতর পোকা বাসা বাঁধলে তা বাইরে থেকে বোঝা মুশকিল।
বাঁধাকপি আলাদা করে খোসা ছাড়ানোর উপায় থাকে না। তাই বাইরের ধুলোময়লা পানি দিয়ে ধুয়ে নিতে হয়। সার, কীটনাশকও পানিতে ধুয়ে যায়। কিন্তু সবজিটির ভেতরে যদি পোকামাকড় ঢুকে থাকে, তখন পরিষ্কার করবেন কী করে?

বাজার থেকে কেনা বাঁধাকপি একবার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে না।
সবজিটি ধুতে হয় কয়েকটি পর্যায়ে। চলুন, জেনে নেওয়া যাক—
প্রথমে বাঁধাকপির বাইরের দিকে কয়েকটি স্তর কেটে বাদ দিয়ে দিন।
এবার সবজিটি চার ভাগ করে কাটতে হবে। অর্থাৎ, প্রথমে গোটা বাঁধাকপিটি অর্ধেক করতে হবে।
তারপর ওই অর্ধেক অংশটিকে আবারও দুই ভাগ করে নিন।
মধ্যখান থেকে বাঁধাকপির শক্ত কাণ্ডটি কেটে বাদ দিয়ে দিন।
এবার বাঁধাকপির প্রতিটি স্তর আলাদা করে ছাড়িয়ে নিন। এভাবে পাতাগুলো আলাদা করে ফেলতে পারলে পোকামাকড় লুকিয়ে থাকার ভয় থাকে না।
কাটার আগে উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে বাঁধাকপির পাতাগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
পোকামাকড় থাকলে তা পানির ওপরে ভেসে উঠবে।
উষ্ণ পানিতে লবণের পরিবর্তে ভিনেগারও মিশিয়ে নিতে পারেন। বাঁধাকপি গায়ে লেগে থাকা মাটি, কীটনাশক সবই ধুয়ে সাফ হয়ে যাবে। তবে ভিনেগারে ভিজিয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো সরাসরি রান্নায় দেওয়া যাবে না। আবার সাধারণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
শুধু বাঁধাকপি নয়, যেকোনো সবজি ধোয়ার ক্ষেত্রে উষ্ণ পানি ব্যবহার করাই ভালো। প্রাথমিকভাবে সবজির গায়ে লেগে থাকা ধুলাময়লা ধুয়ে ফেলার জন্য গরম পানিই যথেষ্ট।
সূত্র : এই সময়









