ধর্ম

মহানবী (সা.)-এর অন্যতম প্রিয় কবি

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মহানবী (সা.)-এর বিখ্যাত সাহাবি ও প্রিয় কবি কাব (রা.)। তাঁর উপনাম ছিল আবু আব্দুল্লাহ বা আবু আব্দুর রহমান। পিতা মালিক ইবনে আবু কাব। মা লাইলা বিনতে যায়েদ সালাবাহ।

মা-বাবা দুজনই খাযরাজ গোত্রের বনু সালামাহ শাখার সন্তান। এ কারণে তাঁকে ‘সালামি’ বলা হয়। তিনি তাঁর পিতার একমাত্র সন্তান। প্রসিদ্ধ সাহাবি আবু ক্বাতাদাহ (রা.) তাঁর চাচাতো ভাই এবং তাঁর ছেলের কাছে নিজের মেয়ে কাবশাহকে বিয়ে দিয়েছেন।

(উসদুল গাবাহ : ৪/১৮৭; আল-ইসাবাহ : ৫/৪৫৭)
তিনি ওই তিন সাহাবির একজন, যাঁরা সংগত কোনো ওজর ছাড়াই তাবুক যুদ্ধে যোগদান না করায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ৫০ দিন মুসলিমসমাজ থেকে তাঁদের বয়কট করা হয়েছিল। এরপর আয়াত নাজিলের মাধ্যমে তাঁদের তাওবা কবুলের ঘোষণা করা হয়েছে। অপর দুজন হলেন মুরারাহ ইবনে রাবী (রা.) ও হিলাল ইবনে উমাইয়া (রা.)।

ইসলামী জীবন

তিনি আক্বাবার শেষ বায়াতে অংশগ্রহণকারীদের একজন।

উহুদ যুদ্ধে তাঁর শরীরে ১১ স্থানে জখম হয়েছে। তিনি আহলে সুফফার একজন সদস্য। রাসুল (সা.) মদিনায় আগমনের পর ত্বলহা ইবনে উবাইদুল্লাহ (রা.)-এর সঙ্গে তাঁর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন। জীবনে শেষের দিকে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছেন। পুত্র আব্দুর রহমান ও মুহাম্মদ তাঁকে নিয়ে চলতেন।

(মুখতাসার তারিখে দিমাশক : ২১/১৯০, ১৯১; উসদুল গাবাহ : ৪/১৮৭)
কাব্য প্রতিভা

কাব (রা.) ছিলেন একজন নামকরা কবি। তাঁর এই কাব্য প্রতিভা যুদ্ধের ময়দানে অসাধারণ প্রভাব বিস্তার করত। প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন (রহ.) বলেন, রাসুল (সা.)-এর বিশেষ তিনজন কবি ছিলেন। তাঁরা হলেন হাসসান ইবনে সাবিত (রা.), আব্দুল্লাহ ইবনে রাওয়াহাহ (রা.) ও কাব ইবনে মালিক (রা.)। তিনজন তিন ধারায় কবিতা রচনা করতেন। হাসসান ইবনে সাবিত (রা.) বংশীয় গুণ-গরিমা বিষয়ে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাহ (রা.) কুফর-শিরকের ওপর ভর্ত্সনা বিষয়ে এবং কাব ইবনে মালিক (রা.) যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভীতসন্ত্রস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

(উসদুল গাবাহ : ৪/১৮৮; আল-ইসতিআব : ৩/১৩২৪)

হাদিস

জিরিকলির বর্ণনামতে, কাব ইবনে মালিক (রা.) থেকে ৮০টি হাদিস বর্ণিত আছে। [আল-আলাম (যিরিকলি) : ৫/২২৯]

তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন তাঁর পুত্র আব্দুল্লাহ, আব্দুর রহমান, উবাইদুল্লাহ, মাবাদ ও মুহাম্মদ; নাতি আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ; সাহাবায়ে কেরামের মধ্যে হজরত ইবনে আব্বাস (রা.), জাবির (রা.), আবু উমামাহ আল-বাহেলি (রা.) প্রমুখ। (আল-ইসাবাহ : ৫/৪৫৭)

ইন্তেকাল

নির্ভরযোগ্য বর্ণনামতে, কাব (রা.) ইন্তেকাল করেছেন, মুয়াবিয়া (রা.)-এর শাসনামলে ৫০ হিজরি সনে। তখন তাঁর বয়স ছিল ৭৭ বছর। প্রখ্যাত ইতিহাসবিদ আল্লামা ওয়াকিদি (রহ.) তা-ই বলেছেন। (আল-বিদায়া ওয়ান নিহায়া : ৮/৪৮; আল-আলাম [জিরিকলি] ৫/২২৮)

আল্লামা ইবনে কাসির (রহ.) ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে (৮/৪৮ পৃষ্ঠায়) লিখেছেন, ‘ইবনে কালবি কাব ইবনে মালেক (রা.)-এর জীবনীতে দুই স্থানে ভুল করেছেন। এক. তিনি বদরে শরিক ছিলেন, দুই. ৪১ হিজরির পূর্বে ইন্তেকাল করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ আল্লামা ওয়াক্বিদির বক্তব্যই সঠিক। তিনি বলেছেন, কাব ইবনে মালিক (রা.) ইন্তেকাল করেছেন ৫০ হিজরি সনে, আর কাসেম ইবনে আদি বলেছেন ৫১ হিজরি সনে।’

(উসদুল গাবাহ : ৪/১৮৭; আল-বিদায়া ওয়ান নিহায়া : ৮/৪৮)