সিল্কসিটিনিউজ ডেস্ক :
দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি চট্টগ্রাম নগরীতে পৌঁছাবেন।
দলীয় সূত্র জানায়, সফরটি আনুষ্ঠানিকভাবে অরাজনৈতিক হলেও এটি ঘিরে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মনোবল বাড়াতে পারে।

সবশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, ১৮ জানুয়ারি তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর, সড়কপথে চট্টগ্রামে এসে সন্ধ্যায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘দীর্ঘ সময় পর তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা নির্বাচনি অনুষ্ঠানে অংশ নেবেন না।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, ‘বহুদিন পর দলীয় নেতৃত্বকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীরা আবেগাপ্লুত।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘নেতার আগমন আমাদের অনুপ্রাণিত করবে। তারেক রহমানের আগমন ঘিরে তৃণমূল নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। এতদিন আমরা আমাদের নেতাকে এতদিন সামনাসামনি দেখিনি, দীর্ঘ প্রতীক্ষার পর সে সুযোগ আসছে।’
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল বলেন, ‘বিএনপি যখন বিরোধী দলে, তখন থেকে রাজপথে থেকে রাজনীতি করেছি। তাকে সামনাসামনি দেখবো, এটা অত্যন্ত আনন্দের খবর।’
সূত্র: বাংলাদেশ প্রতিদিন









