ধর্ম

সূরা বনী-ইসরাঈলের আলোকে নুহ (আ.)-এর কৃতজ্ঞতা ও তাওহীদের আহ্বান

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : বনী-ইসরাঈল, আয়াত : ৩

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

ذُرِّیَّۃَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍ ؕ اِنَّهٗ كَانَ عَبۡدًا شَكُوۡرًا ﴿۳﴾

সরল অনুবাদ

(৩) তোমরাই তো তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে (কিশতীতে) আরোহণ করিয়েছিলাম, নিশ্চয় সে ছিল পরম কৃতজ্ঞ দাস।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা বনী-ইসরাঈলের এই আয়াতে কয়েকটি অনুবাদ হতে পারে।

এক. মূসা ছিলেন তাদের বংশধর, যাদেরকে আমরা নূহের কিশতিতে আরোহন করিয়েছিলাম। (আন-নুকাত ওয়াল উয়ুন; ফাতহুল কাদীর)

দুই. হে তাদের বংশধর, যাদেরকে আমরা নূহের সাথে কিশতিতে আরোহন করিয়েছিলাম।

তোমাদেরকেই বিশেষ করে এ নির্দেশ দিচ্ছি। (বাগভী; ইবন কাসীর; আদওয়াউল বায়ান)
তিন. তোমরা আমাকে ব্যতীত আর কাউকে কর্মবিধায়ক বানিওনা। কারণ তারা তোমাদেরই মত মানুষ। যাদেরকে আমরা নূহের কিশতিতে আরোহন করিয়েছিলাম।

(ফাতহুল কাদীর)
মুজাহিদ রাহেমাহুল্লাহ বলেনঃ তারা হলো, নূহের সন্তানসমূহ ও তাদের স্ত্রীগণ এবং নূহ। তার স্ত্রী তাদের সাথে ছিল না। (তাফসিরে তাবারী)

আয়াতে আরও বলা হচ্ছে যে, নূহ ও তাঁর সাথীদের বংশধর হবার কারণে একমাত্র আল্লাহকেই অভিভাবক করা তোমাদের জন্য শোভা পায়। কারণ তোমরা যার বংশধর তিনি আল্লাহকে নিজের অভিভাবক করার বদৌলতেই প্লাবনের ধ্বংসকারিতার হাত থেকে রক্ষা পেয়েছিলেন।

বিভিন্ন হাদিসেও নুহ আলাইহিস সালামকে কৃতজ্ঞ বান্দা হিসেবে অভিহিত করা হয়েছে। শাফাআতের বৃহৎ হাদিসে এসেছে যে, লোকজন হাশরের মাঠে নুহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নুহ! আপনি জমীনের অধিবাসীদের কাছে প্রথম রাসুল আর আল্লাহ। আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে ঘোষণা করেছে। (বুখারি, হাদিস :৪৭১২)
নুহ আলাইহিস সালামকে কৃতজ্ঞ বান্দা হিসেবে বলার পিছনে আরো একটি কারণ কোনো কোনো বর্ণনায় এসেছে যে, নূহ আলাইহিস সালাম যখনই কোনো কাপড় পরতেন বা কোনো খাবার খেতেন তখনই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সে জন্য তাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে নামকরণ করা হয়েছে।

(মুস্তাদরাকে হাকেম: ২/৬৩০)
মোট কথা নূহ (আ.)-এর প্লাবনের পর মানব বংশের উৎপত্তি তাঁর (নুহ আলাইহিস সালাম) সেই ছেলেদের থেকে হয়েছে, যারা নুহ আলাইহিস সালাম-এর কিশতীতে সওয়ার ছিল এবং প্লাবন থেকে রক্ষা পেয়েছিল। এই জন্য বানী-ইস্রাঈলকে সম্বোধন করে বলা হল যে, তোমাদের পিতা নুহ আলাইহিস সালাম আল্লাহর বড়ই কৃতজ্ঞ বান্দা ছিলেন। অতএব তোমরাও তোমাদের পিতার ন্যায় কৃতজ্ঞতার পথ অবলম্বন কর এবং আমি মুহাম্মাদ (সা.)-কে যে রাসুল বানিয়ে প্রেরণ করেছি তাকে অস্বীকার করে সে নিয়ামতের কুফরী করো না।