ধর্ম

দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জামেয়ার কনফারেন্স হলে তা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি শায়খ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ও জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল।

সভায় দেশ ও প্রবাস থেকে আগত দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক মাদানী। দ্বি-বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাওলানা আফীফ ফুরকান মাদানী এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সহ-অর্থ সম্পাদক মাওলানা আখতার মাহমুদ।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মাওলানা ঘিয়াস উদ্দিন, মাওলানা রুহুল আমিন (ইতালি), মাওলানা মুস্তাফা সাদেক আরমান, ড. মাসুম বিল্লাহ ফিরোজী ও মাওলানা ইমদাদ উল্লাহ।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রশিদ যাহেদ, মাওলানা শহিদুল্লাহ কাউসার, প্রফেসর ড. মুস্তাফা কামিল মাদানী, মাওলানা নুরুল আমিন মাদানী, মাওলানা কাজি শফি উল্লাহ ও ড. শফি উল্লাহ কুতুবী।

এবারের দ্বি-বার্ষিক সাধারণ সভা জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও পরিষদের প্রধান উপদেষ্টা মরহুম আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.)-এর স্মৃতির প্রতি অর্পণ করা হয়। এ উপলক্ষে তাঁর জীবন ও কর্মভিত্তিক দুই ভাষায় সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করা হয় এবং ‘যওক’ নামক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি আল্লামা সুলতান যওক নদভীর নামে প্রবর্তিত মেধাবৃত্তির আওতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সভায় বর্তমান নির্বাহী পরিষদের মেয়াদপূর্তিতে পরিষদের প্রধান উপদেষ্টা তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে আংশিক নতুন কমিটি ঘোষণা করেন।

এতে শায়খ সাইফুল্লাহ মাদানীকে সভাপতি, ড. শোয়াইব রশিদ মাক্কীকে সাধারণ সম্পাদক, মাওলানা রোকন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা হামেদ বিন ফরিদকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সভা শেষে বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা আফীফ ফুরকান মাদানী ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক ড. শোয়াইব রশিদ মাক্কীর আবেগঘন বক্তব্য এবং সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘটে।