সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ফয়সাল অস্ত্র রাখত ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৫৩ মিনিট পড়া
ফয়সাল অস্ত্র রাখত ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শহীদ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাসহ নানা অপকর্মে ব্যবহার হতো। মাঝেমধ্যে ভাড়ায়ও দেওয়া হতো। নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করা ড্রয়ারে রেখে দিত ওইসব আগ্নেয়াস্ত্র। এ বিষয়টি পরিবারের সবাই জানত। কিন্তু কেউ কিছুই বলত না। অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলত, ‘ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয়।’

গ্রেফতার ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের। সামিয়া বলেছেন, বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল। সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন। তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না। এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশকিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে ওসমান হাদির লাশের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার ১১টা ৪০ মিনিটের দিকে শেষ হয়। এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এছাড়া হত্যাচেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজন করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ফয়সালের বিভিন্ন ব্যাংকের ১১টি অ্যাকাউন্টের লেনদেন ঘিরে চলছে তদন্ত। কোন কোন অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ঢুকেছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ফয়সালের বাসা থেকে উদ্ধার চেকের টাকার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জব্দ তালিকার ভিত্তিতে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কাজ করছেন।

ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী ফের রিমান্ডে : হাদি হত্যা মামলায় গ্রেফতার ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ফের ৪ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। একইসঙ্গে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজনের আবেদন মঞ্জুর করা হয়। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৫ ডিসেম্বর তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ১৪ ডিসেম্বর হাদিকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক সন্দেহে মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, প্রকৃত মোটরসাইকেল মালিক তিনি নন।

১৬ ডিসেম্বর ফয়সালের সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৭ ডিসেম্বর এ মামলায় ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন ফয়সালকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওসমান হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত র‌্যাব ও পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি।