প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন জাহাঙ্গীর শিমুল-এর অকাল মৃত্যুতে দোয়া ও শোকসভা করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা ১২টায় নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ দোয়া ও শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক।
এসময় মহিউদ্দিন শিমুলের স্মৃতিচারণ করে তিনি বলেন-‘দরদী, মনবতাবাদী, জনপ্রিয় ছাত্র শিমুল চলে গেছে। মাথা ব্যাথার কথায়। প্রতিভাধর এই ছেলে পরিবারের এবং দেশের কল্যাণে অনেক কিছু বয়ে আনত। আমরা তাঁকে স্মরণ রাখবো চিরকাল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। তিনি বলেন-নয়নের সম্মুখে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়েছো যে ঠাঁয়। আবেগ যখন বেড়ে যায়, ভাষা তখন হারিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন জাহাঙ্গীর শিমুলের মৃত্যুতে দোয়া ও শোকসভা বড় হৃদয় বিদারক। বার বার বিভাগে প্রথম হওয়া পুরস্কৃত সেই সন্তানের মুখ ভোলার নয়। শিমুল মরণের কাছে আত্মসমর্পন করেছে। শিমুল কিছু শিক্ষা ও বানী দিয়ে গেলেন-কেউ যেন চিকিৎসায় অবহেলা না করে। বিনয়ী, সৎ, ভদ্রতা, পরোপকারীতা পরকালের অর্জন। শিমুল তা পেরেছে। শোকসভায় তার পরিবারের পাশাপাশি আমরাও সমানভাবে ব্যথিত বলে উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, মরহুম শিক্ষার্থী মহিউদ্দিন শিমুলের বাবা আজিজার রহমান, খালু ডা. আব্দুল আজিজ খান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর ও ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ-এর সঞ্চালনায় শোকসভায় শিমুলের স্মৃতিস্বরণ করে আরো বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক স্বপ্না খাতুন, মনজুরুল ইসলাম, শিমুলের বন্ধু শিক্ষার্থী জান্নাতুল সাদিয়া, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা রনি।
শোক সভায় আরো উপস্থিত ছিলেন-আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম হাবিবুর রহমান, বানিজ্য অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এনবিআইইউ’র প্রক্টর ড. আজিবার রহমানের পরিচালনায় মরহুম শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মহি উদ্দিন জাহাঙ্গীর শিমুল (২৪) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার আলোকছত্র গ্রামে। অল্প বয়সে এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এনবিআইইউ পরিবার।
স/শ









