সদ্য প্রকাশিত
রাজনীতি

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তার দল জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক, তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে।

তবে নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব পায় না, সেই শক্তিটা পায় না। তাই আমরা আশা করি, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।’
তিনি বলেন, ‘ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরো বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সব কিছু নিয়ে গেছে।

কিন্তু আমাদের কিছু দেয়নি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ আসেন।