সিল্কসিটিনিউজ ডেস্ক :
মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কারের বিভিন্ন প্রকল্পে বেশুমার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেখানে গত অর্থবছরে ভূমি হস্তান্তর করসহ এই কাজে সোয়া সাত কোটি টাকা বরাদ্দ ছিল। টিআর (টেস্ট রিলিফ), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় এই বরাদ্দে রাস্তা পুনর্নির্মাণ, বক্স কালভার্ট নির্মাণ, মসজিদ-মন্দির সংস্কার, গোরস্তানে মাটি ফেলতে একের পর এক প্রকল্প নেওয়া হয়। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি কাগজপত্রের বিবরণ অনুসারে অনেক এলাকায় কাজই হয়নি।
আবার কিছু এলাকায় কাজ হয়েছে দায়সারা। উপজেলার ১১টি ইউনিয়নের কাজে অনিয়ম পেয়েছে খোদ দুর্নীতি দমন কমিশন—দুদক। অনুসন্ধানে আরো ধরা পড়েছে, একটি ইউনিয়ন পরিষদ সচিবের স্ত্রীর প্রতিষ্ঠানেই নেওয়া হয়েছে ছয়টি প্রকল্প। ১৫টির মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন।
জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে কাজে নানা অভিযোগের তথ্য পেয়ে দুদকের একটি দল অভিযানে নামে গত ৩০ সেপ্টেম্বর। পরে দুদকের উপপরিচালক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেছিলেন, ‘সদরের ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টির চেয়ারম্যান পলাতক আছেন। ইউনিয়নগুলোয় দেওয়া বরাদ্দ তছরুপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ তিনি বলেন, কবরস্থান ও মসজিদের জন্য আলাদা বরাদ্দ নিয়ে অনিয়ম পাওয়া গেছে।

অনিয়মের প্রমাণ মিলেছে একজন ইউপি কর্মকর্তার স্ত্রীর নামে করা ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারেও। সরেজমিনে দেখা গেছে, বরাদ্দ থাকার পরও কোথাও কোথাও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় গ্রামবাসী নিজেরাই রাস্তা নির্মাণ করে চলাচল করছে। এসব রাস্তায় মোটরযান তো দূরের কথা, ভ্যানও চলে না। রাস্তার দুরবস্থার দরুন অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া হয় মসজিদের লাশবাহী খাটিয়ায়। আরো অনেকের মতো পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের শিমুল হোসেন এ অভিযোগ দিয়ে বলেন, রাস্তায় বরাদ্দই ছিল না।
একই অভিযোগ করেন কুনিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের লোকজন। মাহমুদসী গ্রামের সরদারবাড়ির জসিম বেপারী কালের কণ্ঠকে বলেন, ‘২৫ বছর ধরে আমরা অপেক্ষায় আছি। বহু চেয়ারম্যান-মেম্বার এসেছেন। কেউ রাস্তা পাকা করে দেননি। একবার অসুস্থ বোনকে লাশের খাটিয়ায় করে হাসপাতালে নেওয়া হয়েছিল। দেখা গেছে, এই গ্রামের রাস্তাটি ইটের, ভাঙাচোরা। গ্রামবাসী পিচ ঢালাই চেয়েছিল। কিন্তু নথি বলছে, ছয় লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ ছিল মাটির রাস্তা নির্মাণের জন্য। এই মাটির রাস্তার কাজও হতে দেখেনি গ্রামবাসী। জানা গেল, এখানে যাঁরা কাজ পেয়েছিলেন, তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন। নথিপত্র থেকে জানা গেছে, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে বড় বাড্ডা আবুল হাওলাদার মসজিদ থেকে করম আলী ফকিরের বাড়িমুখী রাস্তার জন্য বরাদ্দ ছিল চার লাখ ২৩ হাজার টাকা। আগের অর্থবছরেও বরাদ্দ ছিল ছয় লাখ ৭১ হাজার টাকা। তবে রাস্তা নির্মাণ করা হয়নি। স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, এ পর্যন্ত এই রাস্তায় কোনো সরকারি কাজই হয়নি। রাস্তা এত খারাপ যে ভ্যানগাড়ি চালাতেও কষ্ট হয়। একবার এক গর্ভবতীকে হাসপাতালে নিতে গিয়ে বাচ্চার মৃত্যুও হয়েছিল। রাস্তাটি ব্যবহারের উপযোগী করতে গ্রামবাসী নিজেরাই মাটি ফেলেছে। তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া হাওলাদার। তিনি এখন দেশের বাইরে। তাঁর বড় ভাই কুদ্দুছ হাওলাদার বলেন, ‘বরাদ্দ এলেও আমার ভাই ওয়ার্ডের মেম্বার হয়েও কাজ পাননি। তা পেয়েছেন সাবেক ইউপি সদস্য আবুল হাওলাদার।’ গত অর্থবছরে কাজ না পাওয়ার দাবি করে আবুল হাওলাদার অবশ্য বলেন, ‘আমি একবার ৩০ হাজার টাকা পেয়েছিলাম, কিন্তু আমার খরচ হয়েছিল ৫০ হাজার টাকা।
শিরখাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ‘পারিবারিক কবর’কে ‘গণকবর’ উল্লেখ করে ৫.৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় গোসাইদিয়া গ্রামের সিরাজুল হক মাস্টার বলেন, এটা সালাম হালদারের বাড়ির পারিবারিক কবরস্থান। পারিবারিক কবর কিভাবে গণকবর হলো জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ওইখানে সাধারণ জনগণকে (মৃত) মাটি দেওয়া হয়। আমরা যখন কবরস্থান মাপি তখন দুজন জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন।’
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব স্বাক্ষরিত নথিতে দেখা গেছে, এলাকায় আছে ভূতুড়ে রাস্তাও। যেমন, ‘সাবেক গোবিন্দপুর আনু উকিলের বাড়ির কাছ থেকে মধ্যচক শেকান খানের বাড়ি পর্যন্ত রাস্তায় ইটের সলিং’—কাজটি খোয়াজপুর ইউনিয়ন ও পাঁচখোলা ইউনিয়নে আছে বলে উল্লেখ রয়েছে। তবে বাস্তবে এ রাস্তার অস্তিত্ব আছে শুধু খোয়াজপুরে। ফলে এই রাস্তার নামে বরাদ্দ এসেছে শোনার পর ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছে পাঁচখোলাবাসী। রাস্তি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়া হোসেন খাঁ বাড়ি থেকে মামুন খানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ছিল দুই লাখ ৫০ হাজার টাকা। কিন্তু বাস্তবে কাজ হয়নি।
এদিকে, শিরখাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছয়টিতে কাজ পেয়েছে কারিমা এন্টারপ্রাইজ। অনুসন্ধানে জানা গেছে, কারিমা সদ্য বদলি হওয়া শিরখাড়া ইউনিয়ন সচিব কবিরউদ্দিন হাওলাদারের স্ত্রী। তাঁর নামে এই প্রতিষ্ঠান করা হয়েছে। নথিপত্রে দেখা যায়, কবিরউদ্দিন ২৬ বছরের চাকরি জীবনে ঘুরেফিরে শিরখাড়ায় ছিলেন ১৫ বছর। এ ক্ষেত্রে এলাকাবাসীর অভিযোগ—স্বজনপ্রীতির কারণে তাঁর স্ত্রীর প্রতিষ্ঠান এতটি কাজ পেয়েছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়নি।
সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য গত অর্থবছরে ভূমি হস্তান্তর কর ও অন্যান্য কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে সাত কোটি ২০ লাখ ৭০ হাজার ৯৩৬.৪৫ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে ছিল ১৬৬.২৬৩ মেট্রিক টন গম ও ১৬৬.২৬৩ মেট্রিক টন চাল, যার সরকারি মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৯৩ লাখ ৭৪ হাজার ২৩২ টাকা ও ৭৬ লাখ ৪১ হাজার ৩৩৬ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের হাত-পা বাঁধা। কারণ প্রতিটি কাজের মোট বরাদ্দের ‘১০ পারসেন্ট’ ইউএনওর জন্য দিতে হয়েছে। ইউএনও ওয়াদিয়া শাবাব প্রকল্পে বরাদ্দের ১০ শতাংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যে তা বলেছে আমার কাছে তাকে নিয়ে আসেন।’ দুদকের অনসুন্ধান দল এরই মধ্যে অনিয়মের প্রতিবেদন দিয়েছে জানানো হলে তিনি বলেন, ‘দুদকের প্রতিবেদন আপনার হাতে আসতে পারে। আমার কোনো সমস্যা নেই। আমরা হান্ড্রেড পারসেন্ট কাজ করেছি।’ একই ঠিকানায় দুটি কাজ কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা স্টেটমেন্ট হতে পারে।’ যখন বলা হয়, বাস্তবেই ভূতুড়ে কাজ পাওয়া গেছে তখন ইউএনও কালের কণ্ঠ প্রতিবেদককে বলেন, ‘আসেন, আমরা ঘুরে দেখব।’
সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘এসব বিষয়ে স্পেসিফিক বলতে হলে কাগজপত্র দেখে বলতে হবে। প্রকল্প দেওয়ার পরে আপনারা যে মেম্বার-সচিবদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেন এটা কিসের জন্য—এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি।’
মাদারীপুর জেলা প্রশাসক অফিসের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. হাবিবুল আলম বলেন, ‘প্রকল্পের কাজগুলোয় অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি নিজেও বিষয়টি নিয়ে তদন্ত করছি। অন্যদের দিয়ে তদন্ত করাচ্ছি। প্রতিবেদন এলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যদি কোথাও একই কর্মসূচির জন্য একই রাস্তার ওপর দ্বৈতভাবে (ডাবল) প্রকল্প দেওয়া হয়, তাহলে সে প্রকল্প বাতিল করে অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’










