সিল্কসিটিনিউজ ডেস্ক :
নরসিংদীর রায়পুরায় মাত্র ১ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই-বোনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আবু তাহেরের দুই ছেলে রাজমিস্ত্রি হুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (২৫)।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, আউয়াল মিয়া দীর্ঘদিন ধরে পাওনা টাকার অজুহাতে বড় ভাই আবু তাহেরের ১ শতাংশ জমি দাবি করে আসছিলেন। আবু তাহের মারা যাওয়ার পর ওই জমি নিয়ে আউয়াল মিয়ার সঙ্গে তার দুই ভাতিজা হুরা ও শাকিলের বিরোধ সৃষ্টি হয়। শনিবার দিন ঘর নির্মাণের জন্য জমিতে খুঁটি ও বালু আনেন হুরা ও শাকিল।
এ সময় চাচা আউয়াল মিয়া বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আউয়াল মিয়া ও তার পরিবারের ১০-১২ জন লাঠি ও দা নিয়ে হামলা চালায়।
ধারালো দার কোপে গুরুতর আহত হন দুই ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের বোন মোছলেমা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমার দুই ভাইকে বাড়িতে এসে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
চাচা আউয়াল মিয়ার নেতৃত্বে শফিক, শীপন, আছমা, সুমাইয়া, শরীফাসহ সাতজন মিলে এ হামলা চালিয়েছে।’
নিহত হুরার শাশুড়ি হেলা বেগম বলেন, দীর্ঘদিন আগে আউয়াল মিয়ার কাছ থেকে ১৮০০ টাকা ধার নিয়েছিলেন আবু তাহের। সেই টাকার অজুহাতে জাল দলিল তৈরি করে এক শতাংশ জমি দাবি করে আউয়াল মিয়া। সালিশেও তা সমাধান হয়নি। জমি দখলের চেষ্টা করলে বাধা দেয় হুরা ও শাকিল।
এরই জেরে তাদের কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেলের এএসপি বায়েজিদ বিন মুনসুর ও রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










