সিল্কসিটিনিউজ ডেস্ক :
জান্নাত’ [২০০৮] দিয়ে বলিউডে দারুণ অভিষেক ঘটেছিল সোনাল চৌহানের। রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। পরে তাঁকে অনেক ছবিতে দেখা গেলেও সেভাবে সাফল্য ধরা দেয়নি।
সর্বশেষ গত বছর বাংলাদেশি ছবি ‘দরদ’-এ দেখা গেছে তাঁকে। এই ছবি দিয়ে কিছুটা আলোচনায় এসেছিলেন। তবে সেটাও বাংলাদেশে। নিজের দেশ ভারতে সোনাল থেকে গেছেন আড়ালেই।

সেই আড়াল ভেঙে বড় খবর নিয়ে হাজির এই অভিনেত্রী। অভিনয় করছেন আলোচিত ছবি ‘মির্জাপুর’-এ। একই নামে সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে। তিন সিজনের সিরিজটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
এবার সেই সিরিজের চরিত্রগুলো আসছে বড় পর্দায়। সেখানেই যোগ দিলেন সোনাল।
গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সোনাল। তাতে দেখা গেছে, একটি কাগজে লেখা, “প্রিয় সোনাল, ‘মির্জাপুর’-এ তোমাকে পেয়ে আমরা আনন্দিত। পর্দায় তোমার দ্যুতি দেখার অপেক্ষা সইছে না।
শুভ কামনা।” লেখার নিচে রয়েছে ছবির দুই প্রযোজক ঋতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের নাম।
সোনাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এ রকম একটি ছবির অংশ হতে পেরে আমি গর্বিত। ‘মির্জাপুর : দ্য ফিল্ম’ নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। আমরা সবাই মিলে কী বানিয়েছি, তা তোমাদের দেখানোর অপেক্ষায় থাকলাম।”
আগেই জানা গেছে, এই ছবিতে অভিনয় করছেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু শর্মার মতো জনপ্রিয় তারকারা। থাকবেন সিরিজের অন্যতম প্রভাবশালী চরিত্র ‘গলু’র অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। শোনা যাচ্ছে, জিতেন্দ্র কুমার ও রবি কিষানকেও দেখা যাবে এতে।









