সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হলো বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর শহরের ঈদগাহ জামে মসজিদ চত্বরে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, এই ৩১ দফা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা ও মানুষের বাক্স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।
আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে বলেন, আমরা নির্বাচন চাই, সংস্কার চাই না। কথাটি ভুল। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি।
একটি বিশেষ দলের সমালোচনা করে তিনি বলেন, তারা পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে নাকি তারা নির্বাচন করবে না। ফেক আইডির মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এই পদ্ধতিতে এমপি প্রার্থী নির্ধারণ করা হয় না।
মার্কা দেখে ভোট দিতে হবে। কিন্তু তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি এখনও ৩শ আসনে প্রার্থী ঘোষণা করেনি। তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। জনগণকে বিভ্রান্ত করছে।
এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল মাধ্যমে সচেতনমূলক প্রচারণার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন করে মানুষের মুক্তি নিশ্চিত করব। মানুষকে সফল অধিকার ফিরিয়ে দেব।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মঞ্জুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ ফরিদপুর জেলা এবং ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসনের বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুর -৪ আসন বিএনপির দুর্গে পরিণত হবে। আমাদের প্রথম কাজ ছিল দলের নেতাকর্মীদের মধ্যের বিভেদ দূর করা। আমরা সেটা দূর করতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।
সম্মেলনে ফরিদপুর জেলা, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা এবং ভাঙ্গা পৌরসভার বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।










