সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, দুই প্রতিবেশী ও এককালের মিত্র দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই পাকিস্তানি সেনাদের ওপর ভয়াবহ সীমান্ত হামলার খবর পাওয়া গেছে।
এই সপ্তাহে শুরু হওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা নাগাদ শেষ হয়।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে সেনা ঘাঁটি লক্ষ্য করে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় পাকিস্তানি তালেবান (টিটিপি)।
ক্ষয়ক্ষতির বিষয়ে একাধিক ভিন্ন তথ্য পাওয়া গেছে।
এপি জানায়, পুলিশ কর্মকর্তা ইরফান আলীর ভাষ্যমতে, তীব্র গোলাগুলির পর তিনজন হামলাকারী নিহত হয়েছে, তবে পাকিস্তানি সেনাদের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
তবে রয়টার্স জানায়, একজন আত্মঘাতী সন্ত্রাসী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা শিবিরের দেয়ালে আঘাত হানে, এতে কমপক্ষে সাতজন পাকিস্তানি সেনা নিহত ও ১৩ জন আহত হন।
অপর দুই হামলাকারী শিবিরে প্রবেশের চেষ্টা করলে গুলি করে হত্যা করা হয়।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, চারজন টিটিপি সদস্য নিহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বুধবার শুরু হওয়া এই অস্থায়ী যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে ২০২১ সালের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে সাময়িক বিরতি আনে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর মার্কিন ও ন্যাটো বাহিনী দেশ ছাড়ে, যার পর থেকে সীমান্তে হামলার ঘটনা বেড়ে যায়।
ইসলামাবাদ দাবি করেছে, আফগান ভূখণ্ডে অবস্থানরত টিটিপি যোদ্ধারাই পাকিস্তানে হামলা চালাচ্ছে, এবং তালেবান সরকার এসব জঙ্গিকে দমন করতে ব্যর্থ।
তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তান ভুল তথ্য ছড়িয়ে সীমান্তে উত্তেজনা তৈরি করছে এবং আফগান সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতার দোহায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে, যদিও ইসলামাবাদ বা কাবুল কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
আল জাজিরার পেশোয়ার প্রতিনিধি কামাল হায়দার বলেন, ‘দোহায় একটি বৈঠকের কথা আলোচনা হচ্ছে… বন্ধুত্বপূর্ণ দেশগুলো যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।’
তিনি আরো জানান, সীমান্তের পরিস্থিতি এখন ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ’ এবং পাকিস্তানের মতে, আফগান পক্ষ যদি তাদের উদ্বেগের সমাধান না করে, তাহলে অবস্থা যে কোনো মুহূর্তে ভয়াবহ আকার নিতে পারে।










