ছবিঘর

বাহুবলী, সাইয়ারাকে টপকে কত আয় করল ‘কানতারা’?

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’ নিয়ে পর্দায় ফিরে রীতিমতো ঝড় তুলেছেন ঋষভ শেঠি। সিনেমাটি মুক্তির পরই একাধিক রেকর্ড ভেঙেছে।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর প্রথম সপ্তাহ অসাধারণ ছিল; সংগ্রহ করেছিল ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি। ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবম দিনে আয় করেছে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে এটির আয় ৭৫ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সংগ্রহ করেছে ৩৯ কোটি রুপি।

গতকাল রবিবার ছবিটি ৩৯ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট ঘরোয়া আয় ৪৩৭ দশমিক ৬৫ কোটি রুপি। ফলে ছবিটি ‘সালার: পার্ট ১-সিজফায়ার’-এর ভারতের আয় ছাড়িয়ে গিয়েছে, যা আগে ৪০৬ দশমিক ৪৫ কোটি রুপি আয় করেছিল। শুধু তাই নয়, ভারতে ৪২০ কোটি রুপি আয় করা এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’কেও ছাড়িয়ে গেছে ঋষভের ছবিটি।

এছাড়াও, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র আয়কেও ছাড়িয়ে গেছে ‘কানতারা: চ্যাপ্টার ১’।

আহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ভারতে ৪০৯ কোটি রুপি আয় করে। এটি রজনীকান্তর ‘জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি রুপি আয় করেছে।
‘কানতারা: চ্যাপ্টার ১’ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন।

অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস